মোবাইল ব্যবহারে জরিমানা বিবারের

গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ আইন যেমন বাংলাদেশে আছে, তেমন আছে মার্কিন মুলুকেও। সাধারণ মানুষের জন্য এ আইন যেমন প্রযোজ্য, তেমনি শাস্তি থেকে বাদ যাবেন না বড় তারকারাও। যেমন বাদ যাননি সংগীত তারকা জাস্টিন বিবার।
গাড়ি চালানোর সময় বিবার মোবাইল ব্যবহার করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। বেভারলি হিলসের রাস্তায় নিজের মার্সিডিজ জি-ওয়াগন গাড়িটি চালাচ্ছিলেন তিনি। গাড়ি চালাতে চালাতে মোবাইল ব্যবহারের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ বিবারকে দেখে সিগন্যাল দেন গাড়ি থামাতে। বিবারও লক্ষ্মী বালকের মতো গাড়ি থামালেন। বিবার মোবাইল নিয়ে কী করছিলেন, তা পরিষ্কারভাবে জানা যায়নি। কথা বলছিলেন, নাকি খুদে বার্তা লিখছিলেন, তা–ও জানা যায়নি। তবে পুলিশ তাঁকে জরিমানা করলে গুনে গুনে ১৬২ মার্কিন ডলার দিতে হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, বিবার খুব সুন্দর করে পুলিশকে সহায়তা করেছেন।
আইনের জালে এই প্রথমই কিন্তু ‘বেবি’ তারকা আটকা পড়েননি। এর আগে ২০১৪ সালে মাদকসহ গাড়ি চালানোর দায়ে জেলে গিয়েছিলেন তিনি। তথ্যসূত্র : টিএমজেড, জুম