মোমের বিয়ন্সের রং বদলানো হলো

নিউ ইয়র্কের মাদাম তুসো জাদুঘরে বিয়ন্সের মোমের পুতুলটাকে মনে হচ্ছিল, এ যেন এক শ্বেতাঙ্গ নারী। তাতে ভয়ানক চটে উঠেছিল বিয়ন্স-ভক্তরা। প্রিয় মার্কিন এই সংগীত তারকা বিয়ন্সকে কি দেখেনি এ পুতুলের রূপকার?
কৃষ্ণাঙ্গ বিয়ন্সের গায়ের স্বাভাবিক রঙের চেয়ে যেন কিছুটা ফরসা করে পুতুলটা তৈরি করা হয়েছিল। ওই ফরসা পুতুল দেখেই যত হইচই। ভক্তদের অভিযোগ, ‘লেমোনেড’ তারকার বাস্তবের গায়ের রঙের সঙ্গে মোমের পুতুলের রঙের কোনো মিল নেই। বেশি উজ্জ্বল রঙের মূর্তি হয়েছে এটি। এই অভিযোগ আমলে নিয়ে মাদাম তুসো কর্তৃপক্ষ সংস্কার করল বিয়ন্সের মোমের পুতুলটি।

বৃহস্পতিবার বিয়ন্সের মোমের পুতুলটি জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়। পরদিন জাদুঘর কর্তৃপক্ষ জানায়, সংস্কারের পর আবার জাদুঘরে আনা হবে মোমের বিয়ন্সকে। গতকাল তা আনা হয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ‘আমরা পুতুলটির স্টাইল এবং ত্বকের রঙের পরিবর্তন এনেছি।’ এ ব্যাপারে বিয়ন্সের মুখপাত্রও কোনো জবাব দেননি। তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, বিয়ন্সের গায়ের আসল রং যেমন, ঠিক তেমন মেকআপ করা হয়েছে এখন। এবার হয়তো আর কোনো অভিযোগ থাকবে না বিয়ন্স-ভক্তদের।
এর আগেও বিয়ন্সের কয়েকটি মোমের মূর্তি তৈরি করা হয়েছিল। সেগুলোও এমন সমালোচনার কবলে পড়ে।
ওয়াশিংটন পোস্ট