মৌলিক গানে আগ্রহ বেড়েছে শাকিবের
গত ঈদুল আজহায় ইউটিউবে প্রকাশিত হয়েছিল মাহতিম শাকিবের মৌলিক গান ‘নীল খাম’। সম্প্রতি ২৫ ডিসেম্বর তাঁর আরেকটি মৌলিক গানের ভিডিও প্রকাশিত হলো ইউটিউবে। ‘শুধু ভালোবাসি’ শিরোনামের গানটি লিখেছেন জিয়া উদ্দিন আলম এবং সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ।
মাহতিম শাকিব বলেন, ‘এটি রোমান্টিক ঘরানার গান। অনেক দিন পরে একটি সুন্দর সুরের গান গেয়েছি।’ তিনি আরও জানান, কক্সবাজার সমুদ্রসৈকতে গানের ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন তারেক জামান ও প্রিয়াঙ্কা চৌধুরী। এটি পরিচালনা করেছেন সাইফুল রোমান।
অনেক দিন পর মাহতিম শাকিবের মৌলিক গান প্রকাশিত হয়েছে। মাঝে বেশ কিছু নাটকের গান করেছেন তিনি। শাকিব বলেন, ‘ইদানীং নাটকের গানই বেশি গাওয়া হয়। এই সময়ের মধ্যে প্রায় ৫০টি নাটকের গান করেছি।’
নাটকের গান এত বেশি গাওয়ার কারণ জানতে চাইলে এই শিল্পী বলেন, ‘আমার গাওয়া অনেকগুলো নাটকের গান আলোচিত হয়েছে। সে কারণে নাটকের গানে ডাক বেশি আসে।’
তিনি জানান ‘বুকের বাঁ পাশে’, ‘না থাকা জুড়ে’, ‘রাগ করে থাকা যায় না’ গানগুলোসহ অনেকগুলো নাটকের গানই শ্রোতাদের ভালো লেগেছে।
জনপ্রিয় গান কাভার করে আলোচনায় আসেন মাহতিম শাকিব। তবে গত এক বছর ধরে আর কাভার সং করছেন না এই শিল্পী। তিনি বলেন, ‘এখন আর কাভার সং করার অতটা আগ্রহ আসে না। তারপরে সময়ও কম পাই। এক বছর ধরে কোনো গান কাভার করিনি। মৌলিক গান করার প্রতি আগ্রহ বেড়েছে আমার।’