ম্যাডিসন স্কয়ারে ফেরদৌস আরা ও লিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস আরা, লাইসা আহমদ
ফেরদৌস আরা, লাইসা আহমদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আগামী ১ জুলাই শুরু হচ্ছে ৩৬তম বঙ্গ সম্মেলন। এতে বাংলাদেশ থেকে অংশ নেবেন বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা ও রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা। গুণী এ দুই শিল্পী বঙ্গ সম্মেলনে যোগ দিতে আজ বুধবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
বঙ্গ সম্মেলনটির আয়োজক, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত নর্থ আমেরিকার কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
গতকাল মঙ্গলবার শিল্পী ফেরদৌস আরা প্রথম আলোকে বলেন, গত ২৫ বছর নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেন মঞ্চে গান গাওয়ার জন্য বাংলাদেশ থেকে এই প্রথম আমন্ত্রণ পেলেন কোনো শিল্পী। তিনি আশা করেন, সম্মেলনটি সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেশের বিশিষ্ট বাঙালি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হবে।
সংগীতশিল্পী লাইসা আহমদ বলেন, তিনি দ্বিতীয়বারের মতো এ সম্মেলনে অংশ নিচ্ছেন। ‘২০১২ সালে এই সম্মেলনে অংশ নিয়ে বুঝেছি, এ আয়োজনটির পরিসর অনেক বড় ও সম্মানের।’
সম্মেলনটির আয়োজকদের নিজস্ব ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনটি শুরু হবে কিংবদন্তি নৃত্যগুরু বিরজু মহারাজের নৃত্য পরিবেশনা দিয়ে। তিন দিনের সম্মেলনে ভারত থেকে পণ্ডিত উলহাস কশলকর, কার্তিক দাশ বাউল, কবিতা কৃষ্ণমূর্তি, সুনিধি চৌহান, কৌশিকী চক্রবর্তী, অভিনেত্রী ইন্দ্রানী হালদার প্রমুখ ছাড়াও গানের দল ‘দোহার’ অংশ নেবে।