ম্যাডোনার অ্যালবাম ফাঁস করায় কারাদণ্ড

ম্যাডোনার ‘রেবেল হার্ট’ অ্যালবামের গান ফাঁস করায় কারাদণ্ড পেলেন আমেরিকান আইডলের ইসরায়েলি সংস্করণ ‘এ স্টার ইজ বর্ন’ অনুষ্ঠানের প্রতিযোগী আদি লেডারম্যান। দোষ স্বীকারের পর সম্প্রতি তাঁকে ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চার হাজার ডলার জরিমানা গুনতে হবে তাঁকে।
ম্যাডোনার ‘রেবেল হার্ট’ অ্যালবাম প্রকাশিত হয়েছে চলতি বছরের ৬ মার্চ। কিন্তু গত বছরের ডিসেম্বরেই অ্যালবামটির গান অনলাইনে ফাঁস হয়ে যায়। এক মাস পর লেডারম্যানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ম্যাডোনার কম্পিউটার হ্যাক করে গান চুরির পর তা বিক্রির অভিযোগ আনে পুলিশ। পরে দোষ স্বীকার করেন লেডারম্যান। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে রোলিংস্টোন ডটকম।
এ প্রসঙ্গে তেলআবিব আদালতের একজন মুখপাত্র বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে এ ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টরা বুঝতে পারবে, অপরাধ করলে কোনো ছাড় তারা পাবে না। এতে করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমন করা সহজ হবে।’
আদালতের রায় শোনার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ম্যাডোনা বলেন, ‘আমি এফবিআই, ইসরায়েলি পুলিশ এবং হ্যাকারকে ধরার জন্য যাঁরা সহায়তা করেছেন তাঁদের প্রত্যেকের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমার গান ফাঁস হওয়ার পর অনেক ভক্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করেছেন। এ জন্য তাঁদের ধন্যবাদ।’
ম্যাডোনার ‘রেবেল হার্ট’ অ্যালবামের ‘লিভিং ফর লাভ’ গান শুনতে ক্লিক করুন