ম্যাডোনার কাছে রক্কো কি ফিরবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে পোস্ট করা ম্যাডোনা ও রক্কোর ছবি
ইনস্টাগ্রামে পোস্ট করা ম্যাডোনা ও রক্কোর ছবি

প্রদীপের নিচে থাকে অন্ধকার। তারকাদের ঘরেও ওঠে মান-অভিমানের ঝড়। সংগীত তারকা ম্যাডোনার সঙ্গে তাঁর স্বামী গাই রিচির ছাড়াছাড়ি হয়েছে বেশ আগে। গেল নভেম্বরে এক ছেলেও তাঁকে ছেড়ে চলে গেছে বাবার কাছে। দ্বিতীয় সন্তানেরা নাকি একটু একগুঁয়ে হয়। রক্কো হয়তো তেমনই। তারপরেও মায়ের মন বলে কথা, ছেলেকে ছেড়ে থাকতে তাঁর কষ্টের সীমা নেই। ম্যাডোনার প্রত্যাশা, অন্তত নতুন বছরে রক্কো ফিরবে তাঁর কাছে।

ছেলেকে মিস করছেন বলে সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর ছবি দিয়েছেন ম্যাডোনা। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের আলো।’ শুধু ১৫ বছরের রক্কোই নয়; ইনস্টাগ্রামে ম্যাডোনা তাঁর অন্যান্য সন্তানদের ছবিও পোস্ট করেছেন। পোস্ট করা ছবিতে দেখা গেছে, বড়দিনে আনন্দ করছে ম্যাডোনার দশ বছরের ছেলে ডেভিড বান্দা, উনিশ বছরের মেয়ে লোরেস, নয় বছরের পুত্র মার্সি জেমস।

এদিকে, পারিবারিক সূত্রের বরাতে রাডার অনলাইন জানিয়েছে, ৫৭ বছরের এই জনপ্রিয় সংগীতশিল্পীর সন্তানের সঙ্গে দ্বন্দ্বের শুরুটা হয়েছিল নভেম্বরের মাঝামাঝি। ম্যাডোনা রেবেল হার্ট কনসার্টে যাওয়ার সময় রক্কো রাগ করে চলে যায় স্টকহোমে।

ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, সেসময় ম্যাডোনা আর রক্কো ভীষণ চেঁচামেচি করেছিল। ম্যাডোনাকে চিৎকার করে কাঁদতেও দেখা গেছে।
ম্যাডোনার প্রাক্তন স্বামী গাই রিচির লন্ডনের বাসায় থাকা রক্কোকে নিউ ইয়র্কে মায়ের কাছে চলে যাওয়ার জন্য আদেশ করেছিলেন এক বিচারক। অবশ্য রিচির অ্যাটর্নি এরিক বাকলে এ বিষয়ে পরিষ্কার জানিয়ে দেন, ‘রক্কো বলেছে সে মায়ের কাছে যাবে না।’
যা হোক, পরবর্তীতে আদালতের নির্দেশ এসেছে রক্কোকে একটিবারের জন্য হলেও ফিরতে হবে মায়ের কাছে। এরপর সে যদি বাবার কাছে ফিরতে চায় সে ফিরতে পারবে।