ম্যাডোনার জীবন নিয়ে কোনো ছবি হবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাডোনা
ম্যাডোনা

হলিউডে একটি গুঞ্জন শোনা গিয়েছিল। ‘ব্লন্ড অ্যাম্বিশন’ নামে ম্যাডোনার জীবনীভিত্তিক ছবি হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাজও চলছে ছবিটির। কিন্তু এ খবর ছড়ানোর এক দিন পরই ম্যাডোনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, এ প্রকল্পের সঙ্গে কোনোভাবেই তিনি নেই।
ইনস্টাগ্রামে এই শিল্পী একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আমি যা জানি এবং আমি যা দেখেছি, তা কেউ জানে না। একমাত্র আমিই আমার গল্প বলতে পারি।’ পোস্টের সঙ্গে ক্যারিয়ারের প্রথম দিকের একটি ছবি জুড়ে দেন ম্যাডোনা। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন একজন নবীন লেখক এলিস হল্যান্ডার। ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবির প্রযোজক মাইকেল ডি লুকা নতুন এ কাজের সঙ্গে যুক্ত আছেন। এ ছাড়া থাকছে র‍্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট এবং বেলেভু প্রডাকশনস। ছবিতে দেখানো হবে আশির দশকের ম্যাডোনার জীবন। প্রযোজনা প্রতিষ্ঠান অবশ্য ম্যাডোনার এই নতুন পোস্ট নিয়ে কোনো মন্তব্য করেনি। ক্যাচ নিউজ।