
ধীরে ধীরে মঞ্চের পর্দা সরছে। সেই সঙ্গে নানা বাদ্যযন্ত্রে মধুর তাল। শিল্পীরা একমনে যন্ত্র বাজিয়ে চলছেন। মঞ্চের আলো-আঁধারিতে পুরো হলের পরিবেশ হয়ে ওঠে নিস্তব্ধ। আট মিনিট একটানা যন্ত্রসংগীতের সুরের মূর্ছনায় দর্শক–শ্রোতা শুরুতেই যেন মুগ্ধ হয়ে ওঠেন।
এভাবেই গত বৃহস্পতিবার সন্ধ্যার পর রংপুর টাউন হল মঞ্চে দুই দিনের বিভাগীয় উচ্চাঙ্গসংগীত উত্সব শুরু হয়, যা শুক্রবার শেষ হয়েছে। তারানা উচ্চাঙ্গসংগীত পরিষদের উদ্যোগে এ উত্সবের আয়োজন করা হয়।
উৎসবে খেয়াল পরিবেশন করেন দিনাজপুর থেকে আসা ওস্তাদ সায়মন আলী এবং রাজশাহীর নাজমা নবী উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন। বগুড়ার স্বপন কুমার কুণ্ডু সেতার বাজিয়ে শোনান। এ ছাড়া রংপুরের শিল্পী রেদোয়ান তাবাসসুম সেতার ও যুগল তবলায় লহড়ী বাজিয়ে শোনান উজ্জ্বল কুমার রায় ও বিপ্লব চন্দ্র রায়। বেহালা বাজিয়েছেন শহীদুজ্জামান ও ফাহমিদা কাওসার। সেতারে ছিলেন আহসান হাবিব হারামাইন। খেয়াল পরিবেশন করেন ইসমত জাহান, সামসুজ্জোহা, মইনুল হাসান, ঐশি সরকার, জিয়াউল হক। সেই সঙ্গে সন্তুর বাজিয়ে শোনান তমাল কান্তি লাহিড়ী। এসরাজে ছিলেন নারায়ণ চন্দ্র বর্মণ।
অনুষ্ঠান শুনতে আসা দর্শক অনুপম ঘোষ বলেন, ‘এত অনুষ্ঠান, এত উত্সবের আয়োজন করা হয়। কিন্তু এভাবে উচ্চাঙ্গসংগীতের উত্সব সাধারণত দেখা যায় না।’
আয়োজক সংগঠনের উদ্যোক্তা আহসান হাবিব বলেন, ‘শুদ্ধ সংস্কৃতিচর্চার ক্ষেত্রে আমরা ছোট পরিসরে হলেও উচ্চাঙ্গসংগীত উত্সবের আয়োজন করছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’
এ উত্সবের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরিফা সালোয়া। শুভেচ্ছা বক্তব্য দেন রংপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।