যাত্রা শুরু করল জিপি মিউজিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপি মিউজিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রার অনুষ্ঠানে শিল্পী ও সংশ্লিষ্টরা
জিপি মিউজিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রার অনুষ্ঠানে শিল্পী ও সংশ্লিষ্টরা

দেশের সংগীত শিল্পে বিপ্লব ঘটানোর উদ্দেশ্য নিয়ে মুঠোফোন সেবাদাতা গ্রামীণফোন আজ চালু করেছে একটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম। নাম ‘জিপি মিউজিক’। সংগীতাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ মঙ্গলবার সন্ধ্যায় জিপি মিউজিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আসন্ন ঈদ উপলক্ষে জিপি মিউজিক স্টোরে ১৪টি অ্যালবাম মুক্তি দেওয়া হয়েছে। গ্রামীণফোন গ্রাহকেরা music. grameenphone. com সাইট থেকে তাঁদের পছন্দের শিল্পীদের গান ডাউনলোড করতে পারবেন। অচিরেই গুগল প্লে স্টোরে জিপি মিউজিকের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া যাবে।
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘জিপি মিউজিক একটি নতুন সূচনা। আমরা আন্তরিকভাবে আশা করছি, দেশের শিল্পী ও শ্রোতারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা বিশ্বাস করি আমাদের শ্রোতাদের কাছে সুলভে মিউজিককে নিয়ে যেতে পারলে পাইরেসি এমনিতেই কমে আসবে এবং আমাদের শিল্পীরা সত্যিকার অর্থে উপকৃত হবেন। এই ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম আমাদের সবার জন্য ইন্টারনেট কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।’
গ্রামীণফোনের হেড অব ভাস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস মুনতাসির হোসেন জিপি মিউজিকের বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, ‘জিপি মিউজিকে এখন আছে এক লাখেরও বেশি গান। বছর শেষে এই সংখ্যাটা ১০ লাখে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। আমরা জিপি মিউজিক স্টোরকে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম করতে চাই। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।’
মুনতাসির হোসেন এও বলেন, প্রযুক্তির পরিবর্তন আর পাইরেসির কারণে সংগীত শিল্পীদের শ্রমের উপযুক্ত মূল্যায়ন কঠিন হয়ে উঠছিল। যার ফলে এই শিল্পে গত কয়েক বছরে মন্দাভাব দেখা দেয়। গ্রামীণফোন এই হতাশাজনক অবস্থার অবসানে এবং শিল্পীদের উপযুক্ত সম্মানী অর্জনে সহায়তা করতে এগিয়ে এসেছে। জিপি মিউজিক থেকে শ্রোতারা তাঁদের পছন্দের গানটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর এ গানের দামও হবে সবার হাতের নাগালে। মাত্র ৫ টাকায় প্রতিটি গান এবং এবং অ্যালবাম প্রতি ৪০ টাকা লাগবে। এর মধ্য দিয়ে হাজার হাজার বাংলা গান যা সঙ্গীতপ্রেমী এবং শিল্পীদের বাংলা গানের গৌরবময় দিন ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

জিপি মিউজিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রার অনুষ্ঠানে শিল্পী ও সংশ্লিষ্টরা
জিপি মিউজিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রার অনুষ্ঠানে শিল্পী ও সংশ্লিষ্টরা

অনুষ্ঠানে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, পরিবেশ সুষ্ঠু না হলে নতুন গান বানাতে আগ্রহী নই। কারণ, একটা গান বানানো অনেক কষ্টের ব্যাপার। ১৯৮২ সাল থেকে সংগীতাঙ্গনের অবস্থা দেখছি। অনেক উত্থান দেখেছি। কিন্তু আমরা শিল্পীরা বরাবরই প্রতারিত হয়ে আসছি। এখন যেহেতু পরিস্থিতি ভালো মনে হচ্ছে, তাই গ্রামীণফোনের প্ল্যাটফর্ম থেকে অ্যালবাম ছাড়ার ব্যাপারে আগ্রহী হয়েছি।’
এন্ড্রু কিশোর বলেন, ‘শিল্পীদের পাশে কেউ থাকলে, শিল্পীরাও সব সময় সবার পাশে থাকে।’
আইয়ুব বাচ্চু বলেন, ‘গানের মানুষদের অভিমানটা এত বেশি যে তাঁরা একটা সময় নতুন গান তৈরি করাই বন্ধ করে দিয়েছিল। গ্রামীণফোন মিউজিকের মাধ্যমে আবার সবাই নতুন গান তৈরির ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মে, বাংলাদেশের শিল্পী শুধু নয়, বাংলা গানকে রক্ষার জন্য এগিয়ে এসেছে।’
জিপি মিউজিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শীর্ষস্থানীয় শিল্পী এবং ব্যান্ডগুলো এই উদ্যোগের প্রতি সমর্থন জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডিরেক্টর মার্কেটিং জনাব নেহাল আহমেদ, ডিরেক্টর প্রোডাক্টস জনাব হাসিবুল হক, হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল, ডেপুটি ডিরেক্টর মার্কেটিং জনাব সাজিদ রিজওয়ান মতিন।
ঈদ উপলক্ষে জিপি মিউজিক স্টোরে ১৪টি অ্যালবাম মুক্তি দেওয়া হয়েছে। ঈদ এক্সক্লুসিভ অ্যালবামের মধ্যে রয়েছে—আজম খান গোল্ডেন কালেকশনস, আইয়ুব বাচ্চুর ‘জীবনের গল্প’, মাইলসের ‘প্রতিচ্ছবি’, ফিডব্যাকের ‘এখন’, আলাউদ্দিন আলীর ‘গোল্ডেন কালেকশনস’, কনকচাঁপার ‘পদ্মপুকুর’, শুভ্র দেবের ‘গোল্ডেন কালেকশনস’, মিলার ‘আনসেনসরড’, তপুর ‘দেখা হবে বলে’, মেহরিনের ‘সেভেন’, এনামুল করিম নির্ঝরের কথায় ‘এক নির্ঝরের গান’, আসিফ ইকবালের কথায় মিশ্র অ্যালবাম ‘চলো অন্তহীন’ ও ‘আমি ছুঁয়ে দিলেই’ এবং তৌসিফের ‘আয়োজন’।