যুক্তরাজ্যেও শীর্ষে অ্যাডেলে

মার্কিন মুলুক জয় করেছেন আগেই। রেকর্ড ভেঙে রেকর্ড গড়েছেন। এবার পালা নিজ বাসভূমে। সেখানেও সেরা, সর্বকালের সেরা। জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেলের নতুন অ্যালবাম ‘টুয়েন্টি ফাইভ’ যুক্তরাজ্যে প্রকাশের পর প্রথম সপ্তাহে বিক্রি হয়েছে আট লাখেরও বেশি কপি। যুক্তরাজ্যে একক অ্যালবাম বিক্রির হিসেবে প্রথম সপ্তাহে বিক্রি হওয়া সর্বোচ্চ পরিমাণ এটি। এর আগের রেকর্ডটি ছিল রক ব্যান্ড ওয়েসিসের দখলে। তাঁদের ‘বি হেয়ার নাউ’ অ্যালবামটি বিক্রি হয়েছিল প্রায় সাত লাখ কপি।
ডিজিটাল সংস্করণেও ডাউনলোডের ক্ষেত্রে সর্বকালের শীর্ষে উঠে এসেছে অ্যাডেলের নতুন এই অ্যালবাম। অ্যালবামটির শীর্ষে থাকা প্রসঙ্গে অফিশিয়াল চার্ট কোম্পানির প্রধান নির্বাহী মার্টিন ট্যালবট বলেন, ‘অ্যালবামটির পরিসংখ্যান বিস্ময়কর। ব্রিটিশ সংগীতের ইতিহাসে কখনোই কোনো অ্যালবাম আট লাখ কপি বিক্রি হয়নি।’
কোনো একক সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়ার তালিকায় যুক্তরাষ্ট্রে মাত্র চার দিনেই তালিকার শীর্ষে উঠে এসেছিল ‘টুয়েন্টি ফাইভ’।
তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে এলভিস প্রিসলির ‘ইফ আই ক্যান’ এবং জাস্টিন বিবারের ‘পারপাস’ অ্যালবাম।
তবে একক গানে ক্ষেত্রে যুক্তরাজ্যের তালিকায় জাস্টিন বিবার দ্রুত ওপরে উঠছেন। এ তালিকার শীর্ষ দুটি গানই তাঁর দখলে। এর আগে শেষবার ১৯৮৫ সালে একই সঙ্গে শীর্ষ দুটি স্থানই ছিল ম্যাডোনার দখলে। বর্তমানে এ তালিকায় বিবারের ‘সরি’ গানটি শীর্ষে রয়েছে। দ্বিতীয় ও চতুর্থ স্থানেও এই গায়কের ‘লাভ ইয়োরসেলফ’ ও ‘হোয়াট ডু ইউ মিন’ এবং তৃতীয় স্থানে আছে অ্যাডেলের নতুন অ্যালবামের ‘হ্যালো’ গানটি।
সংগীতশিল্পী অ্যাডেলে ঘোষণা দিয়েছিলেন, সামনের ফেব্রুয়ারিতে ১৫ সপ্তাহের সফরে ব্রিটেন, আয়ারল্যান্ডসহ ইউরোপজুড়ে কনসার্ট শুরু করবেন তিনি। গত চার বছরে এটাই হবে তাঁর প্রথম ‘ঘর ছেড়ে’ বের হওয়া। রয়টার্স।