যুক্তরাষ্ট্রে অরো ১১.১ প্রযুক্তিতে ধারণ হচ্ছে মুক্তির আবহসংগীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কাজটি করছেন ইমন সাহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ ছবির শুটিং প্রায় শেষ। বাকি আছে শুধু দুটি গানের দৃশ্যধারণ। তার আগেই শুরু হয়ে গেছে ছবির আবহসংগীতের কাজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কাজটি করছেন ইমন সাহা। তাঁকে সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্রের সংগীত পরিচালক কিথলি। তিনি অর্কেস্ট্রেশন ও কন্ডাক্টিং করবেন। পুরো আবহসংগীতের সাউন্ড মিক্সিং করবেন সাউন্ড ইঞ্জিনিয়ার জেরিমি হাওয়ার্ড।
যুক্তরাষ্ট্র থেকে বুধবার রাতে মুঠোফোনে ইফতেখার চৌধুরী বলেন, ‘ইমন সাহা আমার দীর্ঘদিনের বন্ধু। কাজটির জন্য তাকেই চূড়ান্ত করেছি। কাজ শুরুও হয়ে গেছে। আবহসংগীতে “অরো ১১.১” ফরম্যাটে শব্দ মিশ্রিত হবে। এটি ৫.১ সারাউন্ড সাউন্ড ফরম্যাটের উন্নত সংস্করণ। সর্বশেষ “অ্যাভেঞ্জার্স এন্ডগেম” ছবিতে এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।’

পুরো আবহসংগীতের সাউন্ড মিক্সিং করবেন সাউন্ড ইঞ্জিনিয়ার জেরিমি হাওয়ার্ড

এই পরিচালক বলেন, ‘প্রথমে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছি। আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখেই আবহসংগীতটি উন্নত প্রযুক্তিতে করছি। পরিবেশ পরিস্থিতি ভালো হলে পরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চিন্তা আছে।’

‘মুক্তি’ ছবিতে এক নায়িকার বিপরীতে ছয়জন নায়ক অভিনয় করছেন

‘মুক্তি’র আবহসংগীত নিয়ে ফ্লোরিডা থেকে ইমন সাহা বলেন, ‘আবহসংগীতের কাজ শুরু করেছি। থিম সং ও টিজারও এখানেই করা হবে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই ফুল সেইল বিশ্ববিদ্যালয়ের দুই ইন্সট্রাক্টর কিথলি ও জেরিমি হাওয়ার্ড ছবিতে কাজ করবেন। তাঁরা দুজনই হলিউডে কাজ করেন। তাঁদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’
কাজটি করতে কত দিন লাগবে?—জানতে চাইলে ইমন সাহা বলেন, ‘পুরো সিনেমা নিয়ে আমরা যে পরিকল্পনা করেছি, তাতে পুরো কাজটি শেষ করতে মাসখানেক তো লাগবেই।’

ইফতেখার চৌধুরী বলেন, ‘ইমন সাহা আমার দীর্ঘদিনের বন্ধু

‘মুক্তি’ ছবিতে এক নায়িকার বিপরীতে ছয়জন নায়ক অভিনয় করছেন। তাঁরা হলেন রাজ রীপা, আনিসুর রহমান মিলন, কায়েস আরজু, রাশেদ মামুন অপু, আমান রেজা, কৃষ্টিয়ানো তন্ময়, আরেফিন জিলানি, আদর আজাদ চৌধুরী ও দুর্জয় মামুন।
পরিচালক জানিয়েছেন, আগামী ডিসেম্বর নাগাদ ওটিটিতে ছবিটি মুক্তির কথা আছে। তারপর সিনেমা হলে মুক্তি।