যুক্তরাষ্ট্রে উৎসবে যাচ্ছে চিরকুট

যুক্তরাষ্ট্রের অস্টিনে সংগীত ও চলচ্চিত্র উৎসব ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ (এসএক্সএসডব্লিউ)–এ গান করবে চিরকুট। প্রথমে কথা ছিল, ১৭ মার্চ এই উৎসবে চিরকুট গান করবে রাশান হাউসে। কিন্তু আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ মার্চও গান করতে হবে বাংলাদেশের এই ব্যান্ডকে। আর এই পরিবেশনাটি হবে ইন্টারন্যাশনাল ডে স্টেজে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে নয় দিনের এই উৎসব শুরু হচ্ছে ১১ মার্চ। অস্টিনের শতাধিক ভেন্যুতে হবে উৎসবের অনুষ্ঠানগুলো। বিভিন্ন দেশের দুই সহস্রাধিক ব্যান্ড ও সংগীতশিল্পীর এই উৎসবে অংশ নেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ১১ মার্চ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। মিশেল ওবামা বক্তব্য দেবেন ১৬ মার্চ।
চিকুটের অন্যতম সদস্য সুমি বলেন, দুই দিনই তাঁরা ৪৫ মিনিট করে গান গাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এই উৎসবে অংশ নেওয়া উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার রাতে তা ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এ ছাড়া স্মারক হিসেবে তৈরি করা হয়েছে টি-শার্ট, ব্যাজ আর ক্যাপ। চিরকুটের ভক্তরা কয়েকটি অনলাইন শপ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন।
এসএক্সএসডব্লিউ উৎসবে অংশ নেওয়া প্রসঙ্গে সুমি বলেন, ‘এখানে নিজেদের সৃজনশীল কাজগুলো যেমন সবার সামনে তুলে ধরা যায়, তেমনি সংগীতনির্ভর আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও একটা যোগসূত্র তৈরি হয়। আমরা আশা করছি, এসএক্সএসডব্লিউ উৎসব থেকে চিরকুট ইতিবাচক সুবিধা পাবে।’
১৯৮৭ সাল থেকেই প্রতিবছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন যেন রূপ নেয় গান আর চলচ্চিত্রের নগরীতে। সংগীত আর চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের পদচারণে মুখরিত হয়ে ওঠে চারদিক। বিশ্বের বিভিন্ন দেশের দুই সহস্রাধিক নামীদামি ব্যান্ড ও শিল্পীরা এই উৎসবে গান করেন। উৎসবে চলে চলচ্চিত্র প্রদর্শনী, মতবিনিময় ও আলোচনা। আন্তর্জাতিক খ্যাতনামা সংগীত বিপণন প্রতিষ্ঠানগুলো এই উৎসব থেকেই বেছে নেয় সম্ভাবনাময় শিল্পী, ব্যান্ড, গীতিকার, সুরকার আর সংগীত আয়োজকদের। এ যেন নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক অনন্য সুযোগ।
এসএক্সএসডব্লিউ উৎসবে অংশ নেওয়া ছাড়াও এক মাসের এই সফরে ১২ মার্চ ডালাস, ২৬ মার্চ ফ্লোরিডা, ৩ এপ্রিল নিউইয়র্ক ও ১০ এপ্রিল আটলান্টায় কনসার্টে গান করবে চিরকুট।