যুদ্ধ শেষ হচ্ছে?

মার্কিন দুই পপ তারকা কেটি পেরি ও টেলর সুইফটের মধ্যে সাপে-নেউলে সম্পর্কের মনে হচ্ছে অবসান হতে যাচ্ছে। যদি ‘ব্যাড ব্লাড’ গায়িকা টেলর ‘রোর’ গায়িকা কেটিকে ক্ষমা করেন, তাহলে এ যাত্রায় ঘটবে দ্বন্দ্বের অবসান। কেননা, টেলরকে ক্ষমা করে দিয়ে আবার নিজেও ক্ষমা চেয়েছেন কেটি পেরি। সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানের সাক্ষাৎকারে কেটি পেরি বলেছেন, তিনি টেলর সুইফটের সঙ্গে আগের মতো সুসম্পর্ক গড়তে চান।
কেটি বলেন, ‘আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি এবং আমি যা করেছি, সেটার জন্যও তাঁর কাছে ক্ষমা চাইছি। আর আমি আশা করছি, তিনিও তা-ই করবেন।’ কেটি আরও বলেন, ‘আমি তাঁকে ভালোবাসি। আর আমি তাঁর সেরাটাই চাই। আমি মনে করি, তিনি চমৎকার গান লেখেন।’
কেটি পেরি মনে করেন, তাঁরা দুজনে মিলে ‘প্রভাবশালী নারী’ হিসেবে নিজেদের প্রতিনিধিত্ব করতে পারেন। কেটি বলেন যে তাঁদের দুজনের মতের অমিল থাকতে পারে, তবু তিনি টেলরের সঙ্গে বন্ধুত্ব করতে চান। তিনি বলেছেন, ‘আমি সত্যিই চাই আমরা দুজন ভালোবাসা, ক্ষমা, বোঝাপড়া আর সমবেদনার জায়গায় এক হয়ে যেতে।’ এখন অপেক্ষা টেলর সুইফটের জবাবের।
একসময় খুব ভালো বন্ধুত্ব ছিল কেটি পেরি ও টেলর সুইফটের, কিন্তু হঠাৎ করে ভেঙে যায় সেই সখ্য। কয়েক বছর ধরে দুজনের মধ্যে চলছে কাদা–ছোড়াছুড়ি। এমনকি একে অপরকে নিয়ে গানও রচনা করেছেন! টেলর লিখেছেন ‘ব্যাড ব্লাড’ আর কেটি গেয়েছেন ‘সুইশ সুইশ’। টেলর সুইফটের অভিযোগ ছিল, কোনো এক সহকর্মী তাঁর কনসার্টের নৃত্যশিল্পীদের ছিনিয়ে নিয়ে গেছেন, এতে অপমানিত বোধ করেছেন সুইফট। কিন্তু সেই সময় প্রকাশ করেননি সেই সহকর্মীর নাম। তবে এরপর থেকে জনসমক্ষে একে অপরকে এড়িয়ে যাওয়ায় সব বিভেদই স্পষ্ট হয়ে ওঠে। সূত্র: পিপল।