যেন উদয়নের সামনে 'বর্ষামঙ্গল'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিরাগের সমবেত গানে ‘বর্ষামঙ্গল’
রবিরাগের সমবেত গানে ‘বর্ষামঙ্গল’

আষাঢ়ের টালমাটাল মাসটির পর শ্রাবণ সবার কাছেই সমাদরের। এখন সেই শ্রাবণ তারুণ্যে পড়েছে। গতকাল শুক্রবার ছিল ১১তম দিন। শহর কিংবা গ্রামে, বনজঙ্গল বা নদীর পাড় বর্ষার চোখজুড়ানো রূপ মুগ্ধ করে। ভালো লাগে বর্ষার সদ্যস্নাত স্নিগ্ধ প্রকৃতি। ভালো লাগে আকাশ, অবারিত মাঠ, টলমলে জলের পুকুর, ভেজা সবুজ পাতা, ঘাস।

বাঙালির কাছে সময়টা খুব প্রিয়। ঝরঝর বৃষ্টি পড়া দেখতে দেখতে মনে পড়ে কত সব গান। বর্ষার গানগুলো মনে গুনগুন করতে থাকে। আসলেই, টাপুরটুপুর বর্ষার দিনে বর্ষার গান শোনার একটা অন্য রকম মোহমায়া আছে। বর্ষার সঙ্গে বাঙালির অন্যতম যোগসূত্র রবীন্দ্রনাথ। সে যোগসূত্রটা গতকাল শুক্রবার বেশ জমিয়ে হয়েছে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে। এখানে আয়োজন করা হয় ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠান। এ আয়োজনে বর্ষার গানের পসরা মেলে ধরে রবীন্দ্রসংগীতের সংগঠন রবিরাগ।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনের মঞ্চটিই ছিল দারুণ। ঈষৎ কালো মেঘে ঢাকা আকাশের নিচে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত ‘উদয়ন’ ভবন। দর্শকসারি থেকে দেখে মনে হয়েছে যেন ভবনটি চোখের সামনে, যার সামনে বসেছিলেন শিল্পীরা। বর্ষাবন্দনা দিয়ে শুরু হয় এই আয়োজন।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিবলী মহম্মদ
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিবলী মহম্মদ

পুরো আয়োজনটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরকে। রবিরাগের পরিচালক সাদি মহম্মদ অনুষ্ঠানের শুরুতেই বলেন, ‘মুহাম্মদ জাহাঙ্গীর শুরু থেকেই রবিরাগের একজন শুভানুধ্যায়ী ছিলেন। আমাদের ৩২ বছরের এই পথ চলায় তিনি সব সময় সঙ্গে ছিলেন। তাঁর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।’

এরপর একে একে পরিবেশন করা হয় বর্ষাকে নিয়ে লেখা কবিগুরু সব গান। উল্লেখযোগ্য গানগুলো হলো ‘ঝরঝর’, ‘বজ্র-মানিক’, ‘আষাঢ় মেঘের ছায়া’, ‘ওগো পঞ্চদশী’, ‘যাসনে ঘরের বাইরে’, ‘আষাঢ় সজল ঘন আঁধার’, ‘পূর্ণিমা বয়’, ‘ওই মালতী রাধা দোলে’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’, ‘তরঙ্গে তরঙ্গে’, ‘ছন্দে’, ‘এখনো দুটি আঁখির পানে’। প্রথম ছয়টি গান শেষে মঞ্চে নৃত্য পরিবেশন করেন শিবলী মহম্মদ ও শামীম আর নীপার নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’-এর শিক্ষার্থীরা। একক ও সম্মেলক গানের ফাঁকে ফাঁকে চলে তাঁদের পরিবেশনা। এতে অংশ নেন শিবলী আর নীপা। নাচের সঙ্গে শোনা গেল ‘পিনাকেতে লাগে টঙ্কার’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়’, ‘আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে’ গানগুলো।

অনুষ্ঠানে ছিল একক ও সমবেত পরিবেশনা
অনুষ্ঠানে ছিল একক ও সমবেত পরিবেশনা

রবিরাগের সভাপতি রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ বলেন, ‘বাংলা সংস্কৃতির গাঁথুনি রবীন্দ্রনাথ ছাড়া শূন্যপ্রায়। তাই সারা বছর বাংলা সংস্কৃতির নানা উৎসবের আমরা রবীন্দ্রনাথের ওপর আলোকপাত করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় রবিরাগ এই ঐতিহ্যবাহী বর্ষামঙ্গল অনুষ্ঠান আয়োজন করে আসছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।’