যেন নোবেলই তাঁকে পেল

বব ডিলানের নোবেল পাওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন আরেক সংগীত কিংবদন্তি জোয়ান বায়েজ। ফেসবুকে তিনি লিখেছেন, এটি ডিলানের অমরত্বের পথে আরেক পদক্ষেপ। শব্দ দিয়ে তিনি যা তৈরি করেন, তা ছাপিয়ে ওঠার সুযোগ নেই।
বলে রাখা ভালো, গত বৃহস্পতিবার লাসভেগাসে কসমোপলিটন হোটেলে ডিলান যে কনসার্টে গান গেয়েছেন, সেখানে নোবেল পাওয়া নিয়ে তিনি কোনো কথা বলেননি। কোনো কোনো সাহিত্যিক ডিলানের নোবেল প্রাপ্তিতে নাখোশ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, এ খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জোয়ান বায়েজ সেই সমালোচনাকারীদের দলে যোগ দেননি। তিনি লিখেছেন, ‘বিদ্রোহী, একাকী, যাঁকে নিয়ে কোনো পূর্বধারণা করা যায় না, সে রকম একজন শিল্পীকেই খুব প্রয়োজন ছিল “নোবেল পুরস্কারের”। তাঁর মতো গাইতে পছন্দ করেন, এমন মানুষ আর কেউ নেই। কেউ আর আসবেও না।’ তাঁর কথায়, যেন বব ডিলান নোবেল নয়, নোবেলই তাঁকে পেল।
বায়েজ লিখেছেন, ডিলান গত শতকের ষাটের দশক থেকেই নাম করেছিলেন এবং অনেক গান করেছেন। এমনকি নিজের সঙ্গে ডিলানের রোমান্টিক সখ্যের কথাও লুকাননি এই শিল্পী। ডিলানের নোবেল প্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টুইটারে লিখেছেন, ‘নোবেল জয়ের জন্য আমার অন্যতম প্রিয় কবি বব ডিলানকে অভিনন্দন। তিনিই এর যোগ্য।’
এখানে উল্লেখ্য যে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামের সময়ে জোয়ান বায়েজের সেই বিখ্যাত গান ‘সং অব বাংলাদেশ’ বিশ্ববাসীর কাছে বাঙালির মুক্তিসংগ্রামের বার্তা পৌঁছে দিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডিলানকে নিয়ে লিখেছেন শিল্পী ব্রুস স্প্রিংসটিন, কণ্ঠশিল্পী ও গীতিকবি মার্ক নোফার, লেখক ফিলিপ পুলম্যান, সালমান রুশদি, জোডি পিকোল প্রমুখ। বিবিসি।