যৌন হয়রানির দায়ে গায়কের ৩০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন গায়ক রবার্ট সিলভেস্টার কেলি ওরফে আর কেলি
ছবি: রয়টার্স

মার্কিন গায়ক রবার্ট সিলভেস্টার কেলি ওরফে আর কেলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পুরোনো। সেই নব্বইয়ের দশক থেকেই তাঁর বিরুদ্ধে অনেকবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ২০১৮ সালে ‘হ্যাশট্যাগ মিটু’ আন্দোলনের সময় যা নতুন মাত্রা পায়। একে একে মুখ খুলতে থাকেন তাঁর নির্যাতনের শিকার নারীরা। অবশেষে গায়কের বিরুদ্ধে বহুল আলোচিত যৌন হয়রানির মামলার রায় দেওয়া হলো।
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি আদালত নারী, ছেলে ও মেয়েশিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় আর কেলিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে। এর মধ্যে শেষ পাঁচ বছর প্যারোলে মুক্তি পাবেন কেলি। কারাদণ্ড ছাড়া গায়ককে এক লাখ ডলার জরিমানাও করা হয়েছে। কেলির বিরুদ্ধে প্রথম যৌন নির্যাতনের অভিযোগের দুই দশক পর এই রায় দেওয়া হলো। খবর গার্ডিয়ানের।

সেই নব্বইয়ের দশক থেকেই কেলির বিরুদ্ধে অনেকবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
ছবি: সংগৃহীত

রায় দেওয়ার সময় কেলির নির্যাতনের শিকার অনেকই আদালতে হাজির ছিলেন। গত বছরের সেপ্টেম্বরেই নিউইয়র্ক সিটি আদালতের বিচারক যৌন দাসত্বের উদ্দেশ্যে পাচার ও প্রতারণার অভিযোগে গায়ককে দোষী সাব্যস্ত করেন। তাঁর বিরুদ্ধে আনা নয় অভিযোগের সব কটিই তখন প্রমাণিত হয়। এবার দেওয়া হলো রায়।
বুধবার রায় ঘোষণার সময় যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক অ্যান ডোনেলি সরাসরি কেলিকে উদ্দেশ করে বলেন, ‘অনেক হিসাব করে, সতর্কতার সঙ্গে, কৌশলে এসব অপরাধ সংগঠিত হয়েছে। প্রায় ২৫ বছর ধরে নিয়মিতভাবে এসব অপরাধ করা হয়েছে। আপনি তাঁদের শিখিয়েছেন, ভালোবাসা হলো দাসত্ব ও সহিংসতা।’

গত বছরের সেপ্টেম্বরেই নিউইয়র্ক সিটি আদালতের বিচারক যৌন দাসত্বের উদ্দেশ্যে পাচার ও প্রতারণার অভিযোগে গায়ককে দোষী সাব্যস্ত করেন
ছবি: রয়টার্স

রায় ঘোষণার পর ভুক্তভোগীদের বর্ণনায় উঠে আসে কেলির যৌন নির্যাতনের বর্ণনা। বুধবার রায় ঘোষণার আগে নির্যাতনের শিকার এক নারী বলেন, ‘এখন আর আমাদের শিকার করার মতো কেউ নই।’ আরেকজন বলেন, ‘রবার্ট, তুমি অনেক মানুষের জীবন ধ্বংস করেছ। ’রায় ঘোষণার পর কেলি আদালতে কোনো বক্তব্য দেননি। তবে তাঁর আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান।

২০১৯ সালে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন কেলি
ছবি: রয়টার্স

২০১৯ সালে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন ৫৫ বছর বয়সী এই গায়ক। একই বছরের জুলাইতে যৌন কাজে ব্যবহারের উদ্দেশ্যে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার হন তিনি।
১৯৯২ সালে ‘বর্ন ইনটু দ্য নাইনটিজ’ নামে প্রথম অ্যালবাম মুক্তি দেন ‘কিং অব আরঅ্যান্ডবি’খ্যাত এই গায়ক। এরপর ২০১৬ সাল পর্যন্ত মুক্তি পেয়েছে ১৪তম সবশেষ অ্যালবাম। গানের জন্য তিনটি গ্র্যামি পুরস্কার জিতেছেন কেলি।