রকনেশনের কনসার্ট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামারস্টোর্ম-এর পোস্টার
সামারস্টোর্ম-এর পোস্টার

কথা ছিল, ২৩ জুলাই বসবে রকনেশনের সপ্তম আসর। সেই কনসার্টে গান করবে ওয়ারফেজ, অর্থহীন, ভাইকিংস, শিরোনামহীন, ক্রিপ্টিক ফেট, নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, পাওয়ারসার্জ ও মিনার্ভা ব্যান্ডগুলো। নিরাপত্তার কারণে আপাতত স্থগিত করা হয়েছে এই কনসার্ট। শিগগিরই কনসার্টের পরিবর্তিত তারিখ জানাবে আয়োজক প্রতিষ্ঠান লাইভস্কয়ার। লাইভস্কয়ার জানিয়েছে, রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির গুলনকশা হলের এই অনুষ্ঠানের সবই ঠিক থাকবে। শুধু বদলাবে তারিখ। পরিবর্তিত তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে তাদের ফেসবুক পেজে। ফেসবুকে একটি পোস্টে লাইভস্কয়ার কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তা বিভাগ, ভক্ত ও ব্যান্ড তারকাদের সঙ্গে আলোচনা করে আয়োজনে ‘রকনেশন সেভেন : সামারস্টোর্ম’ কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বুঝে কয়েক সপ্তাহ পর কনসার্টের নতুন তারিখ জানানো হবে।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, নির্বিঘ্নে, নিশ্চিন্তে সবাই যাতে কনসার্ট উপভোগ করতে পারেন, সে জন্য কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই কনসার্টের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। তারা নিশ্চিত করেন, সপ্তম এই আসরের ব্যান্ডগুলো ঠিক থাকবে। শুধু তারিখ বদলাবে। পরিস্থিতি বুঝে আর কোনো পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে ফেসবুক পেজে। কনসার্টের টিকিটের দাম ও প্রাপ্তিস্থলগুলো থাকবে অপরিবর্তনীয়।