রক্তের গান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়োন্স
বিয়োন্স

রাজকীয় উপাখ্যান এমনিতে মেলে না। এর জন্য সাহস আর ত্যাগটাও যে জরুরি, প্রমাণ করলেন বিয়োন্স। ৩৫ বছর বয়সী এই গায়িকা নিজের পেশাদারি মনোভাবের জন্য বরাবরই প্রশংসিত। এবার নিউইয়র্কে টাইড্যাল-এক্সের মঞ্চে যা হলো, সেটি শুধু পেশাদারির মধ্যে ফেললে চলে না। গত শনিবারের সেই কনসার্টে গান পরিবেশনের সময় কানের দুল ছিঁড়ে দরদর করে রক্ত পড়তে থাকে। কিন্তু বিয়োন্স গান থামাননি একবারের জন্যও।
সে সময় বিয়োন্স তাঁর ‘হন্টেড’ গানের সঙ্গে নাচছিলেন। তাঁর চুল ছিল বিনুনি করে বাঁধা। মাথা দোলানোর সঙ্গে সঙ্গে যেটি চাবুকের মতো নড়ছিল। আর সেটার আঘাতেই কানের দুল ছিটকে গেল। তাতেই রক্তারক্তি কাণ্ড! কিন্তু নির্বিকার বিয়োন্স বিরতিহীনভাবে মঞ্চে গান গেয়েই যান। দম বন্ধ করা উত্তেজনা নিয়ে তা দেখতে থাকেন দর্শক।
কান কেটে যেতে পারে, বিয়োন্সের তাল কিন্তু কাটবে না!—এমন একটা ভাব নিয়ে রক্ত মুছে বিয়োন্স চালিয়ে যান প্রাণবন্ত পারফরম্যান্স, বিয়োন্সেরই গান ‘ফরএভার টু ব্লিড’-এর মতো। যদিও সেই গানে বলা হয়েছিল মনের রক্তক্ষরণের কথা। কিন্তু মঞ্চে গান গাইতে গিয়ে শরীরের রক্ত দিয়েও বিয়োন্স বুঝিয়ে দিলেন, গানটা তাঁর কতটা ভালোবাসার ধন!