রজতজয়ন্তীতে এক নজরে এলআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন শেষে এলআরবি ব্যান্ডের সদস্যরা, ছবি- মনজুর কাদের
সংবাদ সম্মেলন শেষে এলআরবি ব্যান্ডের সদস্যরা, ছবি- মনজুর কাদের

এ বছরের এপ্রিলে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি হয়েছে ব্যান্ড দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি’র। এবার ব্যান্ডটি রজতজয়ন্তী উদ্যাপন করতে যাচ্ছে। আগামী ২০ ডিসেম্বর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানটি করা হবে। এতে ব্যান্ডের ২৫ বছরের ভ্রমণ সম্পর্কে একটা ধারণাও দেওয়া হবে। আইয়ুব বাচ্চু ভাষায়, এদিন যাঁরাই অনুষ্ঠানটি উপভোগ করবেন তাঁরা এক নজরে এলআরবি সম্পর্কে পুরো ধারণা পেয়ে​ যাবেন।

টিকিটের বিনিময়ে আয়োজিত এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন আইয়ুব বাচ্চু। আজ বুধবার বিকেলে ঢাকার গুলশানে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এখানে এলআরবি ব্যান্ডের দলনেতা আইয়ুব বাচ্চুর সঙ্গে ছিলেন বাকি চার সদস্য স্বপন (বেজ), মাসুদ (লিড গিটার), রোমেল (ড্রামস) ও শামীম (ব্যবস্থাপক)।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে এলআরবি ব্যান্ডের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিকেল পাঁচটায় শুরু হওয়া এই আয়োজন চলবে রাত দশটা পর্যন্ত।
কনসার্টটির পৃষ্ঠপোষক রবি ইয়োন্ডার মিউজিক। এই অ্যাপ ব্যবহারকারী ২০০ জন শ্রোতাকে দেওয়া হবে দুটি করে সৌজন্য টিকিট। সংবাদ সম্মেলনে আইয়ুব বাচ্চু বলেন, ‘ভালোবাসা ছাড়া সংগীতশিল্পীদের জীবনে পাওয়ার কিছুই নাই। ২৫ বছরের এই লম্বা সময়ে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিনিময়ে আমরা পেয়েছি গানপাগল মানুষের ভালোবাসা। ভবিষ্যতে আমাদের ত্যাগ আরও বেশি থাকবে, বিনিময়ে শুধু ভালোবাসা চাই।’
এলআরবি ব্যান্ডের রজতজয়ন্তী অনুষ্ঠানের কনসার্টের টিকিট সুপারশপ স্বপ্নর সব আউটলেট কেনা যাবে। অনলাইনে টিকেট মিলবে টিকেটচাই ডটকমে এই ঠিকানায়। টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০০ ও ১০০০ টাকা। শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতি টিকেটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানান আইয়ুব বাচ্চু।
কনসার্টটির আয়োজক উইজার্ড শোবিজ। এ প্রতিষ্ঠানই এলআরবির যুগপূর্তির কনসার্ট আয়োজন করেছিলো। এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেলও ছিলেন সংবাদ সম্মেলনে।
অনুষ্ঠানে মোবাইল প্রতিষ্ঠান রবির পক্ষ থেকে ছিলেন বিজনেস অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম ভূঁইয়া, কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, ইয়োন্ডার মিউজিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম।
আইয়ুব বাচ্চু নেতৃত্বে ১৯৯১ সালে রক ধাঁচের ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। ব্যান্ড গঠনের পরের বছর প্রকাশিত হয় দ্বৈত অ্যালবাম (এলআরবি ওয়ান অ্যান্ড টু)। এরপর একে একে বাজারে এসেছে ‘সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘স্বপ্ন’ (১৯৯৬), ‘আমাদের বিস্ময়! ১ এবং ২’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০০), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নাই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৭) এবং ‘যুদ্ধ’ (২০১২)।