রফিকুজ্জামানের হার্টে রিং পরানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান
গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামানকে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে এনজিওগ্রাম করা হলে দুটি ব্লক ধরা পড়ে। পরে তাঁর হার্টে স্টেন্ট (রিং) পরানো হয়।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে ডা. রশীদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বরেণ্য এই গীতিকবির স্ত্রী পান্না জামান। গতকাল সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রথমে তাঁকে মিরপুর রোডের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়।
পান্না জামান জানান, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আজ মঙ্গলবার সকালে তাঁর এনজিওগ্রাম করা হলে দুটি ব্লক ধরা পড়ে। হার্টে রিং পরানো হলেও তাঁকে আরও দুই-তিন দিন হাসপাতালে থাকতে হবে। রফিকুজ্জামানের স্ত্রী তাঁর স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।