রবিরশ্মির বসন্ত বন্দনা 'বইল প্রাণে দখিন হাওয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্ত এসেছিল ফুলের রঙে, পাখির গানে। প্রকৃতির নিয়মে বসন্ত চলেও যাচ্ছে। আর মাত্র কয়েকটা দিন। ইংরেজি মাসের ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি। 

বসন্তের বিদায় লগ্নে আজ সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল কবিগুরু প্রকৃতি, প্রেম ও পূজা পর্যায়ের গান নিয়ে আসর। দারুণ জমেছিল আসরটি। প্রায় সবগুলো গানের বাণীর মাঝেও যে লুকিয়ে ছিল ঋতুরাজের প্রতি মুগ্ধতার কথা।
‘বইল প্রাণে দখিন হাওয়া’ শীর্ষক আসরটি সম্মেলক ও একক গানে সাজানো হয়েছিল। শুরুতে স্বাগত বক্তব্য দেন রবিরশ্মির পরিচালক রবীন্দ্রসংগীত শিল্পী মহাদেব ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রবিরশ্মির উপদেষ্টা মকবুল হোসেন।
সম্মেলক গানের সুরে শুরু হয় আসর। পরপর দুটি। ‘বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে’ ও ‘দখিন হাওয়া জাগো’।
এরপর একক কণ্ঠে পারমিনা তোড়া উইলিয়াম গেয়ে শোনান ‘পথ দিয়ে কে যায়’। শারমিন আক্তার স্বর্ণা পরিবেশিত গানের শিরোনাম ছিল ‘মোর বীণা ওঠে’। ‘এত দিন যে বসেছিলেন’ শিরোনামের গানটি শোনান রাজিব ফেরদৌস। দীপা ধর গেয়েছেন ‘আকাশ আমায় ভরলো আলোয়’। ফারমিন ইসলাম ইমা গেয়ে শোনান ‘একটুকু ছোঁয়া লাগে’। দিলীপ কুমারের কণ্ঠে গীত হয় ‘আহা আজি এ বসন্তে’। দীপ্তি চৌধুরী গেয়ে শোনান ‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে’। মাকসুদা খানম পরিবেশন করেন ‘আমার মল্লিকা বনে’।
অনুষ্ঠান আরও একক কণ্ঠে গান শোনান রাবেয়া আক্তার, শামীম আরা বেগম, তন্বী বিশ্বাস ও মহাদেব ঘোষ। তাঁদের গাওয়া গানগুলোর শিরোনাম ছিল ‘ওগো দখিন হাওয়া’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘তুই রে বসন্ত সমীরণ ‘ও ‘নয়ন মেলে দেখি আমায়’। একক গানের মাঝে পরিবেশিত হয় ‘বসন্ত ফুল গাঁথল আমার জয়ের মালা’ এবং ‘ও মঞ্জুরি আমার আমের মঞ্জুরি’ শীর্ষক সমবেত গান।