রবীন্দ্র জয়ন্তীতে মহাদেব ঘোষের নতুন পাঁচ অ্যালবাম

রবীন্দ্রনাথের গানগুলো আজও প্রাতঃস্মরণীয়। যেন মনে হয় গতকালই গানগুলো লেখা। অথচ গানগুলো রচিত হয়েছে বহু বহু বছর আগে। সমকালীন হয়ে আজও ধরা দেয় এ সব গানগুলো। দিন যায়, রাত যায়, অথচ রবীন্দ্রনাথের গানের বাণী কখনই পুরোনো হয় না। বরং নতুন করে বাঁচবার প্রেরণা দেয়ে গানগুলো। শিল্পী মহাদেব ঘোষ যে অ্যালবামগুলো উপহার দিলেন নিশ্চয়ই রবীন্দ্রপ্রেমীদের কাছে তা বেশ লাগবে।
এ মন্তব্য তাঁদের, যারা গতকাল সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রতিষ্ঠিত রবীন্দ্রসংগীত শিল্পী মহাদেব ঘোষের ৫টি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন।
আজ সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এ দিনটিকে উপলক্ষে করে প্রকাশিত হলো মহাদেব ঘোষের পাঁচটি একক অ্যালবাম। অ্যালবামগুলো হলো ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘আমার সকল দুঃখের প্রদীপ’, ‘আমার পরান যাহা চায়’, ‘হে চির নূতন’ ও ‘এমন দিনে তারে বলা যায়’।

গতকাল প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন ভূঁইয়া সফিকুল ইসলাম, সৈয়দ হাসান ইমাম, অনুপ ভট্টাচার্য ও এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের আয়োজন করে অ্যালবামগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহাদেব ঘোষ। তিনি জানান, রবীন্দ্রনাথের পূজা, প্রেম, প্রকৃতি ও স্বদেশ পর্যায়ের গান দিয়ে সাজানো সংকলনগুলো। অ্যালবামগুলো সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়, ভাস্কর রায়, রাহুল চ্যাটার্জি, দিলীপ রায়, গৌতম দাস ও দৌলতুর রহমান।
প্রকাশনা পর্বের আনুষ্ঠানিকতা শেষে অ্যালবামগুলো থেকে নির্বাচিত কয়েকটি গান পরিবেশন করেন মহাদেব ঘোষ। দরদি কণ্ঠে শ্রোতাকে মুগ্ধ করে একে একে গেয়ে শোনান ‘নির্মল কান্ত দমো হে নমো’, ‘তুমি নির্মল করো মঙ্গল করো ‘, ‘তোমার খোলা হাওয়া’, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘কেটেছে আমার একলা বিরহের বেলা ‘, ‘আমার মন মানে না’সহ একগুচ্ছ গান। গানের সঙ্গে ছিল দলীয় নৃত্য পরিবেশনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডালিয়া আহমেদ।