রবীন্দ্রসংগীত সম্মেলনে যা যা থাকছে

শুক্রবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৬তম সম্মেলন। এ বছর সারা দেশের বিভিন্ন শাখা থেকে এ সম্মেলনে যোগ দেবেন প্রায় পাঁচ শতাধিক সদস্য। রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা ছাড়াও সম্মেলনে থাকবে নানা আয়োজন। আজ বুধবার সকালে ছায়ানট সংস্কৃতি ভবনে এক সংবাদ সম্মেলনে সেসব তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী লাইসা আহমদ লিসা।
যা যা থাকছে:
কাল বৃহস্পতিবার প্রাক-সম্মেলন। সারা দেশ থেকে প্রায় দুই হাজার রবীন্দ্রসংগীত শিল্পীর মধ্য থেকে বাছাই করা একশ আশি জন শিল্পী কিশোর ও সাধারণ বিভাগে প্রতিযোগিতা করবে দিনব্যাপী। তাঁদের মধ্য থেকে সর্বচ্চ মান প্রাপ্তরা গান করবে শওকত ওসমান মিলনায়তনের মূল মঞ্চে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পী রফিকুন নবী।
তিন দিনের এ সম্মেলনে থাকবে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার পুরস্কার প্রদান, গান, গুণীজন সম্মাননা, রবিরশ্মি, আবৃত্তি, নাচ। অধিবেশনের দ্বিতীয় দিন বিকেলে সেমিনারে ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’ বিষয়ে প্রবন্ধ পড়বেন ভূঁইয়া ইকবাল। সংগঠনের সভাপতি সন্জীদা খাতুনের সভাপতিত্বে আলোচনা করবেন সারোয়ার আলী এবং মফিদুল হক।
তৃতীয় দিন রোববার সকালে শহীদ মিনারে দেওয়া হবে শ্রদ্ধাঞ্জলি। বিকেলে সমাপনী অধিবেশনে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ ছাড়া সম্মেলনের তিন সন্ধ্যায় সম্মেলক গান পরিবেশন করবে সংগঠনটির সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুরের শিল্পীরা।
এ বছর গুণীজন সম্মাননা ও রবীন্দ্রপদক দেওয়া হবে তবলাশিল্পী মদন গোপাল দাস এবং পট্শিল্পী শম্ভু আচার্যকে। সম্মেলনে সারা দেশের বায়ান্নটি শাখা থেকে বাছাই করা প্রায় একশ আশি জন প্রতিযোগী চূড়ান্তপর্বে অংশ নেবেন। সংগঠনটির সহসভাপতি আ ব ম নুরুল আনোয়ারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মইনুদ্দিন নাজির, বুলবুল ইসলাম, মিতা হক, কোষাধ্যক্ষ লিলি ইসলাম।
দেশজুড়ে ৭৫টি সক্রিয় শাখা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। সংগঠনটির যাত্রা শুরু হয় ১৯৮০ সালে। সেসময় এর নাম ছিল জাহিদুর রহিম স্মৃতি পরিষদ। শাখাগুলোকে উদ্বুদ্ধ করতে এক বছর ঢাকায় ও পরের বছর অন্য জেলায় সম্মেলনের আয়োজন করেন তাঁরা।