রবীন্দ্রসংগীতের শিল্পীদের ১০ প্রস্তাব

জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের সংবাদ সম্মেলনে ১০টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞদের নিয়ে বাংলাদেশের জাতীয় সংগীতের সঠিক সুর চূড়ান্ত করা, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মদিনকে জাতীয় দিবস ঘোষণা, দুই কবির জন্মদিনে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে অনুষ্ঠান আয়োজন করা এবং রবীন্দ্রনাথ ঠাকুর, ফকির লালন শাহ ও হাসন রাজার নামে ঢাকার তিনটি প্রধান সড়ক ও স্থাপনার নামকরণ। আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব আগামী বুধবার শুরু হবে। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ উৎসব চলবে চার দিন। এবার উৎসবে বৈচিত্র্য বাড়ানোর জন্য গানের পাশাপাশি থাকছে নাটকের প্রদর্শনী ও আবৃত্তি এবং সম্মাননা প্রদান করা হবে। এবার উৎসবে সম্মাননা পাচ্ছেন শিল্পী হাশেম খান, বংশীবাদক গাজী আবদুল হাকিম ও সংগীত পরিচালক দৌলতুর রহমান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি বুলা মাহমুদ, সাধারণ সম্পাদক সাজেদ আকবর, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সালমা আকবর, পীযূষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানান হয়, বুধবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। উৎসবে সারা দেশ থেকে ১১০ জন শিল্পী গান করবেন। লোক নাট্যদল পরিবেশন করবে ‘রথযাত্রা’ ও পল্লবী ড্যান্স সেন্টার পরিবেশন করবে নৃত্যনাট্য ‘বিস্ময়ে জাগে প্রাণ’। আমন্ত্রিত শিল্পী হিসেবে রবীন্দ্রনাথের গান শোনাবেন কলকাতার শিল্পী শ্রাবণী সেন, সুদেষ্ণা স্যান্নাল ও বিশ্বরূপ রুদ্র।
এবারের উৎসব উৎসর্গ করা হচ্ছে সংগীতজ্ঞ সুধীন দাশ, করুণাময় গোস্বামী, শিল্পী আবদুল জব্বার, চিত্রনায়ক রাজ্জাক, বাচিকশিল্পী কাজী আরিফ, সংগীতশিল্পী বারী সিদ্দিকী, লাকী আখান্দ্, অভিনয় শিল্পী নাজমুল হুদা বাচ্চু, নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে।
রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার অন্য প্রস্তাবগুলো মধ্যে রয়েছে সরকারি উদ্যোগে রবীন্দ্র একাডেমি প্রতিষ্ঠা, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বরাদ্দ থেকে ৫০ শতাংশ এ দেশীয় সংস্কৃতির জন্য ব্যয়ে উদ্বুদ্ধ করা, রবীন্দ্র স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি ও শাহজাদপুর পতিসরের স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ করা, বাংলাদেশ বেতারে শিল্পীদের সম্মানী বাড়ানো, বিভিন্ন প্রচারমাধ্যমে রবীন্দ্রসংগীত সঠিকভাবে পরিবেশন করা এবং বিটিভিতে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠানের সংখ্যা এবং সময় বাড়ানো।