রবীন্দ্র-গীতিনাট্যে অমৃতা

রবীন্দ্রনাথের তিনটি গান নিয়ে তৈরি হয়েছে গীতিনাট্য। এই তিনটি গানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী ও মডেল অমৃতা খানকে। গান তিনটি হলো ‘মেঘ বলেছে যাব যাব’, ‘শুন লো শুন লো বালিকা’, ‘তোমায় গান শোনাব’।
একটুকু ছোঁয়া লাগে নামের এই গীতিনাট্যটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। এর মূল পরিকল্পনা করেছেন রঞ্জন দত্ত। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর দৃশ্য ধারণ শেষ হয়েছে।
তিনটি রবীন্দ্রসংগীত নিয়ে তৈরি এই গীতিনাট্যের অংশ হতে পেরে অমৃতা এখন বেশ আনন্দিত। তিনি জানান, তিনটি গানে আমাকে জীবনের তিন সময়ের তিন রকম বেশে দেখা যাবে—বিশ্ববিদ্যালয়পড়ুয়া, ছাত্রজীবন শেষ হওয়ার পর এবং বিয়ে-পরবর্তী জীবনের রূপগুলো দেখা যাবে এই গীতিনাট্যে।
প্রযোজক জাহাঙ্গীর চৌধুরী জানান, তিনটি গানের মূল বিষয় হিসেবে ভালোবাসাকে তুলে আনা হয়েছে। এটি এনটিভির ঈদুল আজহার অনুষ্ঠানমালায় প্রচারের জন্য তৈরি হচ্ছে। অমৃতার সঙ্গে গীতিনাট্যে আরও দেখা যাবে মডেল ও অভিনেতা কাজী আসিফকে।