রমার গান নিয়ে ডিজে রাহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমা ও ডিজে রাহাত
রমা ও ডিজে রাহাত

এরই মধ্যে বেশ কয়েকটি গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন সংগীতশিল্পী রমা। তাঁর জনপ্রিয়তা পাওয়া গানগুলোর তালিকায় আছে ‘ভালো লাগে না’, ‘এক মুঠো রোদ’, ‘স্বপ্নের দিগন্ত ছুঁয়ে’, ‘স্বপ্নযাত্রা’সহ বেশ কয়েকটি গান। এ ছাড়া, নিয়মিত প্লেব্যাকও করছেন এই সংগীতশিল্পী। এবার রমার সেই জনপ্রিয়তার পালে নতুন হাওয়া লেগেছে। রমার নতুন একটি গানের ফিচারিং করেছেন ডিজে রাহাত। ‘দূরে বহুদূরে’ শিরোনামের নতুন এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম। সুর করেছেন মীর মাসুম।

অডিও রেকর্ডিংয়ের পর গানটির একটি মিউজিক ভিডিও করা হয়েছে। গত দুদিন ধরে এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে ঢাকার আশপাশের বিভিন্ন জায়গায়। অবশ্য, এই মিউজিক ভিডিওতে ডিজে রাহাত ও রমা দুজনকেই দেখা যাবে। এর সঙ্গে রয়েছেন রোমানিয়ান মডেল রিরি অস্কার। ভিডিওটি পরিচালনা করেছেন মঞ্জু আহমেদ।

নতুন বছরের শুরুতেই বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনে প্রকাশ করা হবে ‘দূরে বহুদূরে’ ভিডিওটি।

মিউজিক ভিডিও প্রসঙ্গে রমা বলেন, ‘অনেক দিন ধরেই ডিজে রাহাতের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। এবার সেটা পূরণ হলো। আমার বেশ ভালো লাগছে।’

এদিকে, ডিজে রাহাত জানিয়েছেন, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামে একটি মিক্সড অ্যালবাম প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেই অ্যালবামেই থাকবে রমার এই গানটি।