রাজধানীতে বিকেলে শুরু 'বিজয় উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাজধানী ঢাকায় শুরু হচ্ছে ‘বিজয় উৎসব’। এ উৎ​সবের আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক জোট। এবারের স্লোগান ‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে জঙ্গিবাদকে দাঁড়াও রুখে’। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এবং বিজয় উৎসব ২০১৫ উদ্‌যাপন পরিষদের প্রধান সমন্বয়কারী হাসান আরিফ জানিয়েছেন, রাজধানীর ১৪টি স্থানে এবার বিজয় উৎসব আয়োজন করা হয়েছে।

এই বিজয় উৎসব আট দিনব্যাপী অনুষ্ঠিত হবে। আজ রোববার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন করা হবে। প্রায় তিন শ সংগঠন এবং দেশবরেণ্য শিল্পীরা অংশ নেবেন এই বিজয় উৎসবে।
এবারের বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার (১৩-১৬ ডিসেম্বর), ধানমন্ডির রবীন্দ্র সরোবর (১৪-১৬ ডিসেম্বর), রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ (১৪-১৬ ডিসেম্বর), স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (১৪-১৬ ডিসেম্বর), মিরপুর-পল্লবী মুকুল ফৌজ মাঠ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ও প্রভাত মাঠ (১৪-১৬ ডিসেম্বর), মতিঝিল টি অ্যান্ড টি কলোনি মাঠ (১৪-১৬ ডিসেম্বর), দনিয়া বর্ণমালা স্কুল ও কলেজ প্রাঙ্গণ (১৬-১৮ ডিসেম্বর), উত্তরা রবীন্দ্র সরণি (১৭-১৮ ডিসেম্বর) এবং বাহাদুর শাহ পার্কে (১৯-২০ ডিসেম্বর)। প্রতি দিন অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। এখানে থাকবে বরেণ্য এবং জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পী ও সংগঠনের পরিবেশনা। থাকবে শিশু-কিশোরদের পরিবেশনা, নৃত্য, গণসংগীত, দেশের গান, লোকগান, আবৃত্তি, পথনাটক, চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ।
হাসান আরিফ আরও বলেছেন, ‘১৯৯০ সালে স্বৈরাচারের পতনের পর সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রথম বিজয় উৎসব আয়োজন করেছিল। ওই সময় এই উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই সীমাবদ্ধ ছিল। তারপর ধীরে ধীরে এর বিস্তৃতি ঘটেছে। এবারে সত্যিকার অর্থে তা নগরব্যাপী আয়োজন করা হয়েছে। আমরা চাই রাজধানীর সবাই এই উৎসবে অংশ নিক।’ তিনি আরও জানিয়েছেন, ১৬ ডিসেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হবে।