রাজশাহীতে সাংস্কৃতিকসন্ধ্যা
ওস্তাদ আবদুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের বর্ষব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে এক সাংস্কৃতিকসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি হয়েছে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে। সংগঠনের সভাপতি ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর ছাত্র কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বছরব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রতি দুই মাস অন্তর রাজশাহীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার মাধ্যমে এই আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান। পরিবেশনা ছিল রাজশাহীর মোহনপুর উপজেলা শিল্পকলা একাডেমীর।
অনুষ্ঠানের প্রথম পর্বে ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর ওপর আলোচনা হয়। আলোচনায় অংশ নেন কণ্ঠশিল্পী মইনুল ইসলাম, রাশেদ-উন-নবী, আবদুস সালাম, শিউলি শিরিন, আখতার বানু প্রমুখ। সাংস্কৃতিক পর্বের শুরু হয় ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গানের সঙ্গে দলীয় নৃত্যের মাধ্যমে। ‘ওরে মাঝি ভাই’ গানের সঙ্গে ছিল দলীয় নৃত্য। মোহনপুরের পানের ঐতিহ্য তুলে ধরেছিল একটি দলীয় সংগীত—‘আমরা মোহনপুরবাসী ভাই, মোদের কোনো চিন্তা নাই, মোদের ঘরে আছে ধান, বরে আছেন পান’। এরপর রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
এন্ড্রু কিশোর বলেন, ওস্তাদ আবদুল আজিজ বাচ্চু শুধু একজন সংগীতশিল্পী নন, তিনি সংগীতের মাধ্যমে মানুষ গড়ার কাজ করতেন। এখন সেই মানুষেরা তাঁর আদর্শ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। তার অংশ হিসেবে নতুনদের জন্য একটা ‘প্ল্যাটফর্ম’ তৈরির কাজ করে যাচ্ছেন।