রাজস্থানের মাটির গান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজস্থান​ থেকে আসা মাঙ্গানিয়ারদের গানের দলের সদস্যরা l ছবি: আশরাফুল আলম
রাজস্থান​ থেকে আসা মাঙ্গানিয়ারদের গানের দলের সদস্যরা l ছবি: আশরাফুল আলম

বাংলাদেশে এখনো তাঁরা তেমন পরিচিত নন, কিন্তু দুনিয়াজোড়া সংগীত-রসিকদের কাছে তাঁরা খ্যাতিমান। ব্রিটেনের রানি গান শুনতে তাঁদের কয়েকবার ডেকেছেন রয়্যাল অ্যালবার্ট হলে। সেই মাঙ্গানিয়ারদের গান এবার প্রথম শুনবেন ঢাকার শ্রোতারা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত লোকসংগীত উৎসবে আজ রাতে তাঁরা গাইবেন।
ভারতের রাজস্থানের দক্ষিণাঞ্চলের এই দলের বেশির ভাগ সদস্য এসেছেন পাকিস্তানের সীমান্তবর্তী জয়সলমীর, যোধপুর, বাড়মের অঞ্চল থেকে। দলটির মাঙ্গানিয়ার সদস্যরা হলেন আনোয়ার খান মাঙ্গানিয়ার, কাচরা খান মাঙ্গানিয়ার, ঘেঁওয়র খান মাঙ্গানিয়ার, ফিরোজ খান মাঙ্গানিয়ার ও খেতে খান মাঙ্গানিয়ার। এই দলে আরও আছেন হাবিব খান লাঙ্গা এবং কালবেলিয়া জাতির শুভা দেবী ও মালকা।
রাজস্থানের মাঙ্গানিয়াররা জাতিতে মুসলমান। লাঙ্গারাও একই অঞ্চলে বসবাসরত আরেকটি মুসলমান জাতি। অন্যদিকে হিন্দু কালবেলিয়ারা পেশায় ছিলেন সাপুড়ে। তাঁরা নেচে নেচে সাপের খেলা দেখাতেন। এই নাচই পরে লোকনৃত্যের মর্যাদা পায়। অবাক করা কথা হলো, দুনিয়াজোড়া খ্যাতি পেয়েও তাঁরা সবাই এখনো থাকেন রাজস্থানের নিভৃত মরুগ্রামে।
দলের সদস্য খেতে খান মাঙ্গানিয়ার বলেন, ‘আমাদের অঞ্চলে সবাই বিভিন্ন রকমের কাজ করে। আমরা সংগীত ছাড়া আর কিছু করি না। আমরা কখনো গুরুর কাছে সংগীত শিখিনি, বাপ-দাদাদের কাছে শিখেছি। বংশপরম্পরায় আমরা মানুষের বিভিন্ন খুশির উৎসবে গিয়ে গান করতাম।’
খেতে খান মাঙ্গানিয়ার জানালেন বিশ্বসংগীতে তাঁদের আসার গল্প। সত্তরের দশকের শেষ দিকে যোধপুরের শিল্পী কোমল কোঠারি রাজস্থানের সংগীত নিয়ে একটি গবেষণা করেন। তাঁর গবেষণায় বিভিন্ন জাতির গানের মধ্যে মাঙ্গানিয়ার ও লাঙ্গাদের সংগীত ছিল মানসম্পন্ন, এই লোকসংগীতে ছিল তাল ও রাগের ব্যবহার। এভাবেই বিশ্ব প্রথম জানতে পারে তাঁদের সংগীতের কথা।
তাঁদের পূর্বপুরুষেরা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা (১৯৭১) ছবিতে গান গেয়েছিলেন! খেতে খান বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা বোঝেনইনি যে এত বড় ছবিতে গান হচ্ছে। তাঁদের বলা হয়েছিল গান করতে। এমন করে অনেকগুলো ছবিতে তাঁরা গান করেছিলেন। কিন্তু ব্যাপারটা আসলে কী, তাঁরা জানতেন না।’
আজ মাঙ্গানিয়ার দলটি গাইবে রাজস্থানের মাটির গান, সেখানকার স্থানীয় লোকসংগীত। কিছু বুল্লে শাহ, শাহ আবদুল লতিফ ভিট্টাইয়ের সুফি গান, মীরাবাঈয়ের ভজনও হবে। হাবিব খান লাঙ্গা বাজাবেন মোর্চাং, এই বাদ্যযন্ত্র গুপী গাইন বাঘা বাইন (১৯৬৮) ছবির বিখ্যাত ভূতের নৃত্য অংশটিতে বাজানো হয়েছিল। এ ছাড়া থাকবে কালবেলিয়া শিল্পীদের নাচ।