রাজ্জাককে নিয়ে প্রিন্স মাহমুদের 'হে নায়ক রাজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক ও প্রিন্স মাহমুদ
রাজ্জাক ও প্রিন্স মাহমুদ

গুণের কদর যারা করেন সেই শিল্পীরা বয়োজ্যেষ্ঠ শিল্পীদের শ্রদ্ধা করবেন সেটাই স্বাভাবিক। কিন্তু ‘নায়করাজ’খ্যাত অভিনেতা রাজ্জাকের প্রতি সংগীতকার প্রিন্স মাহমুদের শ্রদ্ধার প্রকাশ যেন প্রচলিত রীতিকে ছাড়িয়ে গেছে। প্রিয় নায়ক ও বাংলাদেশি চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি রাজ্জাককে নিয়ে প্রিন্স মাহমুদ লিখেছেন একটি দীর্ঘ কবিতা। ‘হে নায়ক রাজ’ নামের এ কবিতাটি এরই মধ্যে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি।

সারা জীবন গান লিখে, সুর করে বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয় সংগীতকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিন্স মাহমুদ। প্রিয় নায়ককে নিয়ে লেখা কবিতার প্রসঙ্গে প্রিন্স বলেন, ‘বুদ্ধি হওয়ার পর আমার দেখা প্রথম ছবিটি ছিল ‘আলোর মিছিল’। এ ছবি দেখার পর থেকেই রাজ্জাক সাহেব আমার প্রিয় নায়কে পরিণত হন। এরপর একে একে তাঁর ‘রংবাজ’, ‘ওরা ১১ জন’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘অনন্ত প্রেম’, ‘পাগলা রাজা’সহ অসংখ্য ছবি দেখা হয়েছে। এক সময় তিনি আমার স্বপ্নের নায়ক হয়ে ওঠেন। আমার কাছে ‘তারকা’, ‘মহাতারকা’ বলতে যা বুঝি; সব তিনিই।’

প্রিন্স আরও বলেন, যখন রাজ্জাক অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁকে নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নানা ধরনের অনুষ্ঠান প্রচারিত হতে দেখেছি। কিন্তু আমার কাছে তা অভিনয়শিল্পী রাজ্জাকের উচ্চতার তুলনায় খুব সামান্যই মনে হয়েছে। তখনই আমার স্বপ্নের নায়ক রাজ্জাককে নিয়ে কিছু লেখার কথা ভেবেছিলাম। সে ভাবনা থেকেই ‘হে নায়ক রাজ’ কবিতাটির সৃষ্টি।


প্রিন্স মাহমুদ আরও বলেন, ‘দেশের বাইরের অনেক নামকরা অভিনেতার অভিনয়ও আমার খুব ভালো লাগে। তাঁদের মধ্যে হলিউডের গ্রেগরি পেক ও মারলন ব্র্যান্ডো এবং বলিউডের তারকা অভিনেতা অমিতাভ বচ্চন অন্যতম। বাংলাদেশের ‘নায়করাজ’ রাজ্জাক আমার কাছে এঁদের কারও চাইতে কম নয়।’

‘হে নায়ক রাজ’ কবিতাটিকে গানে রূপান্তর করার কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে প্রিন্স মাহমুদ বলেন, ‘সেরকম কোনো চিন্তা ভাবনা এখনো করিনি। তবে হলেও হতে পারে।’

ছোটবেলা থেকে যাঁকে ‘স্বপ্নের নায়ক’ হিসেবে মনে ঠাঁই দিয়েছেন সেই নায়করাজের সঙ্গে নাকি এখনো পর্যন্ত প্রিন্স মাহমুদের কোনো কথাই হয়নি। এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘আমার যাঁরা স্বপ্নের নায়ক তাঁদের সঙ্গে সাধারণত দেখা করি না। দূরে থাকাই ভালো মনে করি।’


‘নায়করাজ’ রাজ্জাককে নিয়ে লেখা প্রিন্স মাহমুদের সেই কবিতা


হে নায়ক রাজ...

কে তুমি? প্রজন্ম কি জানে?
তোমার পরে কাউকে গুনতে হলে ১ এর পর সমস্তটাই খালি, কিচ্ছু দেখা যায় না
১০১ থেকে শুরু করা যেতে পারে।

কিং লিয়ার, গড-ফাদারকে
আমাদের মতো করে,
কেউ ভাবেনি কখনো, কেন?
যখন তুমি ৫০র পরে

অথচ রবার্ট ডি নিরো, মারলেন ব্রান্ডো যে সময়ে আসেন অন্য মাত্রায়,
উৎপল দত্ত, উত্তম অমিতাভ কে নিয়ে ভাবে ওদের পরবর্তী প্রজন্ম।
তোমায় নিয়ে একটা নায়ক বা জলসাঘর হয়নি কেন?

তবে কি এখানে কেউ ছিল না?
অথবা সময় ছিলোনা সময়ের মতো।

প্রশ্নটা রইলো,
উত্তর তোমাকেই দিতে হবে এমন নয়।
তবে এ কথা সত্যি তুমি শুধু নিজের নও,
নও তোমার পরিবারের, হে সম্রাট-
হে সাদা-কালোয় সম্পূর্ণ রঙিন ‘পাগলা রাজা’ আমাদের।
তুমি ‘রংবাজ’, তুমি ‘বেইমান’,
‘বাদী থেকে বেগম’ কে ভাসাও ‘অনন্ত প্রেমে’।
হল থেকে বের হওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত থেকে যাওয়া ভাবনায়-
তুমিই ‘প্রতিনিধি’,
ভেতর-বাহির সমস্ত সত্তায়।

ফিরে ফিরে আসো,
উন্মাতাল স্বপ্ন বেচাকেনার দিনগুলিতে ‘জীবন থেকে নেয়া’ কলমে-
‘আলোর মিছিলে’ একদম সামনের দিকে।

কে তুমি? প্রজন্ম কি জানে?
আহ, সেই দৃশ্য কাচ বোতল হাতে ‘এই পথে পথে’
উপমহাদেশীয় রথী মহারথীদের কতো আগেই করেছিলে এন্টিহিরো!!
সেই রুপালী পাথর চোখ, রুপালি পর্দায়,
বিস্ময় বিপর্যস্ত উপাখ্যান,
‘মানুষ যদি মোরে নাই বলও বেঈমান বলও বেঈমান’।
নতজানু, হতবাক,
আহ সেই কৈশোর, সেই গান-
সেই সাদা-কালো রুপালি পর্দায়।

তুমি হিমালয়, দণ্ডায়মান এভারেস্ট শৃঙ্গ
তুমি শুরু, তুমিই শেষ।
প্রজন্ম কি জানে?
সেই বেহুলারা এখনো ভাষায় ভেলা-
লখিন্দর তোমার জন্য, তোমারই জন্য।

প্রজন্ম কি জানে?
তোমার পরে কাউকে গুনতে হলে ১ এর পর সমস্তটাই খালি, কিচ্ছু দেখা যায় না
১০১ থেকে শুরু করা যেতে পারে...

প্রিন্স মাহমুদ
২৪/১০/২০১৫