রাত বাড়ল কর্ণাটকি বাঁশির সুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎ​সবের শুরুতে ছিল পল্লবী ড্যান্স সেন্টারের ভরতনাট্যম নৃত্য পরিবেশনা l ছবি: সাহাদাত পারভেজ
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎ​সবের শুরুতে ছিল পল্লবী ড্যান্স সেন্টারের ভরতনাট্যম নৃত্য পরিবেশনা l ছবি: সাহাদাত পারভেজ

ঢাকায় ইতিমধ্যে তৈরি হয়ে গেছে শাস্ত্রীয় সংগীতের কান। বেড়েছে সংগীতের এই শুদ্ধ ধারার প্রতি ভালোবাসাও। অপেক্ষায় থাকেন সারা বছর। সেই অপেক্ষা শেষ হয় গতকাল শুক্রবার।
সন্ধ্যার পরপরই রাজধানীর আর্মি স্টেডিয়ামের প্রবেশমুখগুলোয় দেখা যায় ঢাকার শাস্ত্রীয় সংগীতপ্রেমীদের দীর্ঘ সারি। চতুর্থবারের মতো এবার ঢাকায় শুরু হলো বেঙ্গল আয়োজিত শাস্ত্রীয় সংগীত উৎসব ২০১৫। কড়া নিরাপত্তা আর সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে দর্শকেরা পেয়েছেন সেই চেনা আলোকোজ্জ্বল মঞ্চ, বসার জায়গা, গ্যালারি, খাবারের স্টল। গুণী সব সংগীতগুরুর ছবি দিয়ে সাজানো হয়েছে গ্যালারি। মাঠেও রয়েছে কিছু কিছু ছবি। ছবিতে নতুন করে যুক্ত হয়েছে একটি মুখ। সেটি শিল্পী কাইয়ুম চৌধুরীর। মানুষটি এবার ছবি হয়ে উপস্থিত আছেন এই উৎসবে। গত বছর উৎসব মঞ্চ থেকেই চিরতরে বিদায় নেন সংগীতপ্রেমী এই চিত্রশিল্পী। এবারের এই উৎসব তাঁকেই উৎসর্গ করা হয়েছে।
গতকাল উৎসব শুরু হয় ভরতনাট্যম দিয়ে। মিনু হকের পরিচালনায় এতে অংশ নেন পল্লবী ড্যান্স সেন্টারের শিল্পীরা। বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা পণ্ডিত সুরেশ তালওয়ালকারের তত্ত্বাবধানে তবলায় শোনান কীর্তন। দলটির সঙ্গে হারমোনিয়ামে লহরা বাজান অজয় যোগলেকর। ধ্রুপদ পরিবেশনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। বিভাগটির অধ্যাপক অসিত রায় এটি পরিচালনা করেন আর তাঁকে সহযোগিতা করেন শলোক হোসেন। এরপর আলাপ জোড় আর ঝালা যোগে চৌতালে পরিবেশন করেন সনাতন ধ্রুপদ’ জয়তি জয়তি শ্রী গণেশ’। পরের গানটিও ছিল সনাতন ধ্রুপদ ‘শঙ্কর গীরিজাপতি’।
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর এফ হোসেন এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিদের কণ্ঠে কাইয়ুম চৌধুরীর জন্য ঝরে পড়ে বেদনা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘কাইয়ুম ভাই শুধু একজন শিল্পীই ছিলেন না, তিনি আমাদের স্বপ্নের মানুষ, প্রেরণার উৎস। তাঁকে হারিয়ে আমরা যে শূন্যতা অনুভব করছি, সেটা পূরণ হবার নয়।’ তিনি আরও বলেন, ‘এখানে যাঁরা এসেছেন তাঁদের সবাই উচ্চাঙ্গসংগীত বোঝেন না, আমিও বুঝি না। আসি ভালো লাগে বলে, ভালো লাগাটাই জরুরি। গান, নৃত্য, কবিতা, ছবি ও লোকসংস্কৃতির মধ্য দিয়ে নিজেদের রুচিকে উন্নত করে আমরা পৃথিবীর সামনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই।’
শাস্ত্রীয় সংগীতের এই উৎসব উদ্বোধন করতে আসা অর্থমন্ত্রী বলেন, ‘এত মানুষ এক জায়গায় একত্র হয়েছি, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। আমরা যে শান্তিপ্রিয় জাতি—এটি তারই প্রমাণ। এটি সম্ভব হয়েছে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারবলে। সমাজবিরোধী কাজ ঠেকাতে আমাদের প্রধান অস্ত্র হবে সংস্কৃতি।’
আবুল খায়ের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নিজে পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানটির সম্মতি দিয়েছেন। তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। কৃতজ্ঞ শ্রোতাদের কাছেও।’ উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত অতিথিদের হাতে উৎসব স্মারক তুলে দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্ণাটকি বাঁশি নিয়ে মঞ্চে আসেন জয়াপ্রদা রামমূর্তি। রাত তখন ১০টা পেরিয়েছে। ভারতের কর্ণাটকি ঘরানার এই বংশীবাদক বাংলাদেশে এলেন প্রায় ১৭ বছর পর। বাঁশির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি তিনি। তাঁর জমিদার প্রোপিতামহ বাঁশি বাজাতেন, যাঁকে তিনি দেখেনইনি। তাঁর বিশ্বাস জিনগতভাবেই বাঁশি বাজানোর পারদর্শিতা অর্জন করেছেন তিনি। নিজেকে স্বশিক্ষিত বংশীবাদক বলতে ভালোবাসেন জয়াপ্রদা। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়াকে মানসিক গুরু হিসেবে নিয়ে বাঁশি বাজানো শুরু করেন এই নারী। হয়ে ওঠেন কর্ণাটকি ধারার ধন্য এক বাঁশরিয়া। গতকাল উৎসব মঞ্চে মেলে সেসবের ঢের প্রমাণও। প্রথমবার বাংলাদেশের এই উৎসবে যোগ দিয়ে কেড়ে নেন শ্রোতার হৃদয়। তিনি বাজিয়ে শোনান রাগ হংসধ্বনি, রাগ হিন্দোলম, বেহাগ রাগে রবীন্দ্রসংগীতের সুর, রাগ আহির ভৈরব, দেশ রাগের রবীন্দ্রসংগীত ‘এসো শ্যামল সুন্দর’। পরিবেশনা শেষ করেন দক্ষিণী রাগ ‘ভাগ্যদা লক্ষ্মী’ বাজিয়ে।
রাত বাড়তে থাকে, কৌশিকীর জন্য অপেক্ষা করতে থাকেন দর্শকেরা। রাহুল শর্মার সন্তুর পরিবেশনার পরেই মঞ্চে আসেন তিনি। প্রায়ই বাংলাদেশে আসা কৌশিকীকে করতালি দিয়ে অভিবাদন জানান দর্শকেরা। তাঁর পরেই সেতার বাজান কুশল দাস এবং কর্ণাটকি সংগীত শোনান বিদুষী বোম্বে জয়শ্রী।
সংগীত উপভোগ করার পাশাপাশি শ্রোতাদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা রয়েছে উৎসব প্রাঙ্গণে। আছে বেশ কিছু স্টল, ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ।
আজ উৎসবের দ্বিতীয় দিন অংশ নেবেন অভিজিৎ কুণ্ডু, সরস্বতী বীণা বাজাবেন জয়ন্তী কুমারেশ, সুস্মিতা দেবনাথ গাইবেন খেয়াল, পণ্ডিত উদয় ভাওয়ালকার শোনাবেন ধ্রুপদ, পণ্ডিত সুরেশ তালওয়ালকার বাজাবেন তবলা, ড. বালমুরালী কৃষ্ণ গাইবেন কর্ণাটকি সংগীত ও তাঁর সঙ্গে বাঁশিতে থাকবেন পণ্ডিত রণু মজুমদার, এস্রাজ বাজাবেন শুভায়ূ সেন মজুমদার এবং খেয়াল গাইবেন পণ্ডিত অজয় চক্রবর্তী।
বরাবরের মতো উৎসব ব্যবস্থাপনায় রয়েছে ব্লুজ কমিউনিকেশন্স। আয়োজনে সহযোগিতা করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। সঙ্গে আছে রবি আজিয়াটা লিমিটেড। অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। মিডিয়া পার্টনার আইস বিজনেস টাইমস, আইস টুডে ও বেঙ্গল বারতা। আতিথেয়তা সহযোগী হিসেবে আছে লা মেরিডিয়ান ঢাকা। সহযোগিতায় বেঙ্গল পরম্পরা সংগীতালয় ও সৌজন্যে বেঙ্গল ডিজিটাল। সার্বিক সহযোগিতায় পারফেক্ট হারমনি প্রোডাকশন, সিঙ্গাপুর।
তিন বছর ধরে আয়োজিত এই উৎসব উপমহাদেশের তথা বিশ্বের সর্বাধিক বড় পরিসরের শাস্ত্রীয় সংগীতের আসর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার এতে অংশ নিচ্ছেন প্রায় ২০০ জন সংগীত ও নৃত্যশিল্পী।