রাত ২টায় এলিটার বাসায় তারকাদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসার সবাই মিলে কেক কাটছেন।
বাসার সবাই মিলে কেক কাটছেন।

সংগীতশিল্পী এলিটার আজ জন্মদিন। রাত ১২টায় স্বামী আশফাক নিপুণ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর ঘুমাতে যান তাঁরা। এরপর যা ঘটেছে, এলিটার ভাষায় তা ছিল তাঁর জন্য বড় চমক। কী ঘটেছে?

এলিটা বললেন, ‘রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখি নিপুণ নেই। তখন রাত ২টা। মনে হলো ড্রইং রুমের আলো জ্বলছে। আলো নেভাতে এগিয়ে গিয়ে আমি তো অবাক! সবাই একসঙ্গে চিৎকার করে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।’
রাতে এলিটাকে শুভেচ্ছা জানাতে আসেন জনপ্রিয় চিত্রপরিচালক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ছোট ও বড় পর্দার তারকা তিশা, চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য সুমি। ঈদের জন্য রাতে তাঁরা কোথাও কেক খুঁজে পাননি। শেষে বাসার একটি কেক কেটেছেন।
আজ সোমবার দুপুরে প্রথম আলোকে এলিটা বলেন, ‘বিয়ের পর এটা আমার দ্বিতীয় জন্মদিন। তেমন কোনো পরিকল্পনা নেই। অফিসে (ডেইলি স্টার) যাচ্ছি। হাতে একটা লেখা আছে, লিখতে হবে। ঈদের জন্য রাস্তা একদম ফাঁকা। বিকেলে নিপুণকে নিয়ে ঘুরতে বের হব। রাতে একসঙ্গে বাইরে খাব।’