
ওদের সম্বল কিছু যন্ত্র কেবল। ছিল সারেঙ্গী, বাঁশি, মাদল, টুঙ্গা, ঢোল। আরও ছিল ঝামটা, আরবাজো, ভুসায়া, চাল, চাবরাঙ, চাসায়া। সেগুলোর ভেতরে ছিল মাটির মমতা, পাহাড়ের আদর। সেসবের সুর কাউকে না দুলিয়ে পারে? গান না শুনিয়ে তাই কেবল বাজিয়েই ঢাকাকে দুলিয়ে গেল নেপালের দল কুটুম্বা। লাল পেড়ে কালো পোশাকে যখন তারা মঞ্চে উঠেছিল, ততক্ষণে মাঠ ভরে গিয়েছিল মানুষে, তরুণী আর তরুণে। শেষ রাতে তাঁদের নাচিয়েছে নুরান সিস্টার্স।
গতকাল শুক্রবার ছিল ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের দ্বিতীয় দিন। মেরিল নিবেদিত ও সান কমিউনিকেশনস আয়োজিত এই উৎসবের তৃতীয় পরিবেশনায় এসেছিল নেপালের দল কুটুম্বা। তাদের লোকযন্ত্রসংগীতের সন্তরণ স্পর্শ করে ঢাকার দর্শক-শ্রোতাদের অন্তঃপুরে। দলটির বাদনের ফাঁকে ফাঁকে দর্শকদের উল্লসিত সাড়া বলে দিচ্ছিল, ছুটির সন্ধ্যা-রাতটি সার্থক হয়েছে তাঁদের।
এ সন্ধ্যায় প্রথম পরিবেশনা নিয়ে আসে বাংলাদেশের লোকগানের দল বাউলা। তরুণ এ লোকশিল্পীরা গেয়ে শোনান ‘ঘরে মন বসে না রে বন্ধু’, ‘তোমারে পাইতে পারি’, ‘রবে না এ ধন জীবন যৌবন’, ‘এত যে নিঠুর বন্ধু জানা ছিল না’সহ বেশ কিছু গান। তাঁদের পরে দলবল নিয়ে মঞ্চে আসেন লোকসাধক আরিফ দেওয়ান। তিনি গেয়ে শোনান ‘ঘুড্ডি কে বানাইলো রে’, ‘যার কপালে যা লেইখাছে রে’, ‘হায় পিরিতি বুঝল না রীতি’, ‘শত জনমে বিরহগাথা’। ভজন, কীর্তনাঙ্গের এই গানগুলোয় তাঁর দীর্ঘ সংগীতজীবনের আবহ জানান দিয়েছে। বাদনে উচ্চাঙ্গের আবহ, লোকজ ভঙ্গি উৎসবে ভিন্ন এক শোভা দিয়েছে। আরিফ দেওয়ানের হাতে উৎসবস্মারক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
পাকিস্তানের মেকাল হাসান ব্যান্ডের শিল্পী
শর্মিষ্ঠা গেয়ে শোনান ‘চাল বুলিয়া’, ‘আশিকি আওয়ারা’, ‘সানোয়াল’, ‘ঝোক রানজান’, ‘ঘুঙ্ঘাট’, ‘আন্দোলন’ গানগুলো। দলটির সঙ্গে কোরাস দিয়ে সহযোগিতা করে বাংলাদেশের আরমিন মুসার দল।
বাংলাদেশের শাহজাহান মুন্সি গেয়ে শোনান ‘তুমি আছো বলে দয়াল’, ‘একবার এসে প্রাণের বন্ধু দেখা দাও’, ‘এ কি প্রেমের প্রতিদান’সহ আরও বেশ কিছু গান।
শেষ রাত ছিল জ্যোতি ও সুলতানার
স্টেডিয়াম ভরা হাজার হাজার মানুষ অপেক্ষা করে ছিলেন ভারতের দুই সহোদরা সুলতানা ও জ্যোতি নুরানের জন্য। বেশ কজন দর্শকের সঙ্গে কথা বলে জানা গেছে, নুরান সিস্টার্সের জন্যই এসেছেন তাঁদের অনেকে। রাত ১০টা ৫৬ মিনিটে মঞ্চে আসেন ওস্তাদ গুলশান মীরের দুই কন্যা। তুমুল করতালি দিয়ে তাঁদের স্বাগত জানান দর্শকেরা। ‘ভারি যায়ু রে’ দিয়ে শুরু করে ‘ইশকে আওয়াল্লা’, ‘কুল্লিনি ফাকিরদি’, ‘পাটাকা গুড্ডি’সহ আরও বেশ কিছু গান দ্বৈত ও একক কণ্ঠে গেয়ে শোনান তাঁরা। জানা গেছে, গতকাল ঢাকা থেকে একটি হারমোনিয়াম কিনেছেন তাঁরা। সেটা ছাড়াও ঢাকার ভক্তদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ফিরবেন তাঁরা।
মাঠ ছিল যেন মিলনমেলা
বিস্ময়করভাবে ধারণক্ষমতার বেশি দর্শককে জায়গা দিয়েছিল আর্মি স্টেডিয়াম। ভিড় লক্ষ করা গেছে খাবারের স্টলগুলোর দিকে। এমনকি প্রথম দিন খাবারের সংকট বেশ পীড়া দিয়েছে দর্শকদের। খাবারের স্টল আরও বেশি হলে উৎসবস্থলটি আরও আনন্দদায়ক হতো বলে জানিয়েছেন অনেকে। উৎসবের শুরুর দিনে মোবাইল নেটওয়ার্কের সমস্যার সমাধানে বাড়তি যন্ত্র স্থাপন করেছিলেন আয়োজকেরা। মাঠে যাঁরা আসতে পারেননি, ঘরে বসে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন মাছরাঙা টেলিভিশন ও ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পাতা এবং উৎসবের ইউটিউব চ্যানেলে।
আজ শেষ দিনের পরিবেশনা
আজ উৎসবের তৃতীয় ও শেষ দিনে পরিবেশন করবেন বাংলাদেশের শাহ আলম সরকার, আলেয়া বেগম, শাহনাজ বেলী, ইরানের দল রাস্তাক, মালির তিনারিওয়েন ও ভারতের বাসুদেব বাউল।