রাতের ঢাকায় শ্রেয়ার সুরমূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেয়া ঘোষাল নাইট অনুষ্ঠানে গাইছেন শ্রেয়া ঘোষাল। ছবি: সাহাদাত পারভেজ
শ্রেয়া ঘোষাল নাইট অনুষ্ঠানে গাইছেন শ্রেয়া ঘোষাল। ছবি: সাহাদাত পারভেজ

‘আমি শ্রেয়া ঘোষালের কেমন গুণমুগ্ধ একজন ভক্ত, তা বলে বোঝাতে পারব না। সে জন্যই অনুষ্ঠান দেখতে আসা। এক কথায় তাঁর পারফরম্যান্স অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। তবে আমি খুব হতাশ হয়েছি সাউন্ড সিস্টেম নিয়ে। ড্রামস বিটগুলো অনেক বেশি শোনা যাচ্ছিল, তাই একটা সময়ে তো শ্রেয়ার গান ঠিকমতো কানেই আসছিল না। এত কিছুর পরও শ্রেয়া গান গাওয়ার সময় একটা জায়গায়ও সুর নড়েছে বলে আমার মনে হয়নি। সত্যিই অসাধারণ এবং নিখুঁত একজন পারফর্মার তিনি। হ্যাটস অব টু হার। আই জাস্ট লাভ শ্রেয়া ঘোষাল।’ ঢাকায় শ্রেয়া ঘোষাল নাইট সম্পর্কে এমন মন্তব্যই করলেন বাংলাদেশের গুণী সংগীতশিল্পী শাকিলা জাফর। গতকাল ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে অনুষ্ঠিত হয় শ্রেয়া ঘোষাল নাইট। সেখানে শ্রেয়ার গান শুনে কেবল শাকিলা জাফরই নন, মুগ্ধ হন কনসার্ট দেখতে আসা কয়েক হাজার দর্শক-শ্রোতা।

ঘড়ির কাঁটায় তখন রাত পৌনে আটটা। উপস্থাপিকা মুনমুনের ঘোষণা, ‘এবার মঞ্চে আসছেন শ্রেয়া ঘোষাল’। নাম শুনে নড়েচড়ে বসলেন উপস্থিত সবাই। কিন্তু মঞ্চে শ্রেয়া ঘোষাল এলেন না, এলেন শিল্পী হৃষিকেশ প্রমোদ রনদে। তিনি দুটি গান পরিবেশনের পর মঞ্চের পেছনে থেকে আলো-আঁধারির মধ্যে এক সুরেলা কণ্ঠ ভেসে এলো ‘শুন রাহা হে না তু’।
‘আশিকি’ ছবির জনপ্রিয় এ গানটি গাইতে গাইতে মঞ্চে প্রবেশ করেন শ্রেয়া ঘোষাল। করতালি দিয়ে তাঁকে স্বাগত জানালেন সবাই। গান শেষ হতেই বাঙালি মেয়ে শ্রেয়া ঘোষাল বাংলাতেই বললেন ‘পাঁচ বছর পর ঢাকায় এসেছি। সবাই আজ গানে গানে ভেসে যাব। আমি চাই সবাই গান করুক, সবাই মজা করুক।’

শ্রেয়া ঘোষাল নাইট অনুষ্ঠানে গাইছেন শ্রেয়া ঘোষাল। ছবি: সাহাদাত পারভেজ
শ্রেয়া ঘোষাল নাইট অনুষ্ঠানে গাইছেন শ্রেয়া ঘোষাল। ছবি: সাহাদাত পারভেজ

‘শ্রেয়া ঘোষাল নাইট’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানটির আয়োজক বে এন্টারটেইনমেন্ট। সংগীত সন্ধ্যায় শ্রেয়া ঘোষাল একে একে গেয়ে শোনালেন ‘তেরা সাজান আয়োরে’, ‘তেরে ন্যায়না’, ‘যাদু হ্যায় নাশা হ্যায়’, ‘মুঝে শাস আয়ি’, ‘ম্যায় তানু সামঝাকে’ গানগুলো। তাঁর গানের সুরে সুরে দর্শক-শ্রোতারা যেন ভেসে যাচ্ছিলেন প্রতি মুহূর্তে।
এরপর শ্রেয়া ঘোষাল গেয়ে শোনান ‘পিকু’ ছবির ‘ও আকাশ ও পলাশ রাশি রাশি’ গানটি। আরও গাইলেন ‘পিয়া ওরে পিয়া’, ‘আমি ভুলে যাই তুই কাকে ভালোবাসতি’, ‘ইত্‌নি সি হাসি’, ‘সাচি সাচি তেরে নাজরে’ গানগুলো। ‘ইয়ে ইশ্‌কে হ্যায়’ গানটির সঙ্গে শ্রেয়া ঘোষাল নিজে যেমন নেচেছেন ঠিক তেমনি দর্শকদেরও নাচিয়ে ছেড়েছেন। তারপর নাচের মাত্রা আরও বেড়ে যায় যখন ‘রাম-লীলা’ ছবির ‘ঢোল বাজে ঢোল’ গানটি শুরু হয়। এরপর একটা বিরতি। তারপর আবার গান নিয়ে আসেন হৃষিকেশ প্রমোদ রনদে। তিনি কিশোর কুমারের গাওয়া বেশ কয়েকটি গান পরিবেশন করেন।
শ্রেয়া ঘোষাল বিরতির পর ‘থ্রি ইডিয়টস’ ছবির ‘জুবিডুবি’ গানটি নিয়ে আবার মঞ্চে আসেন। এরপর একে একে ‘উলালা উলালা’, ‘ও রাধা তেরি ঝুমকা’, ‘চিকনি চামেলি’, ‘তেরি মেরি প্রেম কাহানি’ গানগুলো পরিবেশন করেন।
উপমহাদেশের প্রখ্যাত দুই সংগীতশিল্পী রুনা লায়লা ও লতা মঙ্গেশকরকে উৎসর্গ করেও গান গেয়েছেন শ্রেয়া। রুনা লায়লাকে বাংলা গানের গর্ব বলে উল্লেখ করেন। তাঁকে উৎসর্গ করে ‘সাধের লাউ’ গান গেয়ে শোনান শ্রেয়া। আর লতা মঙ্গেশকরকে উদ্দেশ করে ‘লাগজা জা গালে’ গানটি গেয়ে শোনান শ্রেয়া। ‘আমি যে তোমার’ গানের মধ্য দিয়ে শেষ হয় শ্রেয়া ঘোষাল নাইট এর দারুণ আয়োজন। শ্রেয়া ঘোষাল আজ শনিবার সকালেই ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।
শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে কথা হয় জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম সদস্য শাফিন আহমেদের সঙ্গে। কনসার্ট নিয়ে তাঁর মন্তব্য, ‘পরিবার ও পরিচিতজনদের কাছ থেকে শ্রেয়ার গান সংগ্রহ করে শুনেছি। একটা পর্যায়ে তাঁর গানের প্রতি ভালো লাগা তৈরি হয়। আমার মনে হয়েছে, তাঁর গান গাওয়ার যোগ্যতা খুবই উঁচুমানের। একজন মিউজিশিয়ান এবং গায়ক হিসেবে আমার মতো করে আমি সেসবের বিশ্লেষণ করেছি। এই ধারণা পোষণ করি বলেই তাঁর গান সরাসরি শোনার সুযোগটা মিস করতে চাইনি। সামনাসামনি তাঁর অনুষ্ঠান দেখতে এসেছি। দেখার পর তাঁর ব্যাপারে আমার যে উঁচু ধারণা ছিল তার চেয়ে অনেক বেড়ে গেছে। সত্যিকার অর্থে এটা হচ্ছে শুদ্ধ পরিবেশন। আমি খুবই ইমপ্রেসড। খুব ভালো লাগল। প্রচণ্ড ভালো লাগা নিয়ে বাসায় ফিরছি।’

শ্রেয়া ঘোষাল নাইট অনুষ্ঠানে গাইছেন শ্রেয়া ঘোষাল ও হৃষিকেশ প্রমোদ রনদে। ছবি: সাহাদাত পারভেজ
শ্রেয়া ঘোষাল নাইট অনুষ্ঠানে গাইছেন শ্রেয়া ঘোষাল ও হৃষিকেশ প্রমোদ রনদে। ছবি: সাহাদাত পারভেজ

গতকাল ঢাকায় গান গাইবার আগেই শ্রেয়া ঘোষাল তার ফেসবুক ফ্যান পেজে এক স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে লেখা ছিল ‘ঢাকা!! তুমি কি প্রস্তুত? পাঁচটা দীর্ঘ বছর পেরিয়ে আসছি। দেখা হবে, সবার জন্য ভালোবাসা।’ গানে গানে সুরে সুরে সত্যিই ঢাকার দর্শকদের মাঝে ভালোবাসা যেমন বিলিয়েছেন শ্রেয়া ঠিক তেমনি ভালোবাসায় সিক্তও হয়েছেন। বাংলা, হিন্দি ছাড়াও তামিল, নেপালি, তেলেগু, মারাঠি, পাঞ্জাবি, গুজরাটিসহ অনেক ভাষায় গান করেন শ্রেয়া ঘোষাল।
সেরা নারী সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অনেক পুরস্কার অর্জন করেছেন ৩১ বছর বয়সী গায়িকা। দীর্ঘ প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। ভারতের জিটিভির ‘সা রে গা মা পা’ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে গানের জগতে পা রাখেন শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে সঞ্জয় লীলা বানশালীর ‘দেবদাস’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে তাঁর। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক চলচ্চিত্রের প্লেব্যাক করে গেছেন।
১৯৮৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরের এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন শ্রেয়া ঘোষাল। তাঁর পূর্বপুরুষেরা বাংলাদেশের বিক্রমপুরের অধিবাসী। মাত্র ৪ বছর বয়সে শ্রেয়ার সংগীতে হাতেখড়ি হয়। ছয় বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া শুরু করেন তিনি। এখন পর্যন্ত তিন শতাধিক ছবিতে প্লেব্যাক করেছেন শ্রেয়া ঘোষাল।