রামকানাই দাশকে নিয়ে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামকানাই দাশ
রামকানাই দাশ

গত বছরের ৫ সেপ্টেম্বর পণ্ডিত রামকানাই দাশ মারা যান। ‘রামকানাই দাশ স্মৃতি পরিষদ’ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণ করতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তনে তাঁকে স্মরণ করা হবে। অনুষ্ঠানসূচিতে রয়েছে স্মরণসভা, সনদ বিতরণ, তথ্যচিত্র প্রদর্শনী এবং রামকানাই দাশ রচিত ও সুরারোপিত সংগীতানুষ্ঠান। সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংগীতশিল্পী অনুপ ভট্টাচার্য ও কাবেরী দাশ থাকবেন আলোচক। মূল প্রবন্ধ পড়বেন গবেষক সুমনকুমার দাশ।
রামকানাই দাশকে নিয়ে একটি বিশেষ স্মরণিকাও প্রকাশিত হবে। ১৮ ও ১৯ সেপ্টেম্বর রামকানাই দাশের রচিত ও সুরারোপিত সংগীতের ওপর দুই দিনের একটি কর্মশালারও আয়োজন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বিকেলে ছায়ানটের বক্তৃতাকক্ষে এই কর্মশালার উদ্বোধন করবেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে। নিবন্ধন করার জন্য ০১৯১১৩৪৯২৬৭ নম্বরে উৎসুক সংগীতানুরাগীদের যোগাযোগ করতে বলা হয়েছে।