রাহীর সুরে গান গাইলেন তাহসান

এহসান রাহীর সুরে নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় গায়ক তাহসান। ‘মুহূর্ত’ শিরোনামের এই গানটি তাঁদের দুজনের প্রথম প্রয়াস। সম্প্রতি এই গানটি জিপি মিউজিকে প্রকাশিত হয়েছে।
কয়েক বছর ধরে পেশাদারি মনোভাব নিয়ে নিজের মতো কাজ করে চলছেন এহসান রাহী। তাঁর গাওয়া ‘প্রশ্ন’, ‘মেঘের মেয়ে’, ‘কেন কাঁদিস’, ‘কিচ্ছু হবে না’, ‘খোলা চিঠি’ গানগুলো শ্রোতাদের পাশাপাশি সংগীতাঙ্গনের বেশ কয়েকজন গুণীর কাছে প্রশংসিত হয়েছে। গান গাওয়ার পাশাপাশি এই শিল্পী সুর ও সংগীত পরিচালনার কাজটিও নিয়মিতভাবে করে চলছেন।
রাহী বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল বেশ আগে থেকেই, তিনি বরাবরই আমার পছন্দের একজন শিল্পী। তার গায়কির ধরন ভেবে গানটা তৈরি করা হয়। স্যাড-রোমান্টিক ধাঁচের এই গানটি তৈরির পর তাঁকে পাঠালাম। তিনি শুনলেন, পছন্দ হওয়ার পর গানটিতে কণ্ঠ দিলেন।’
তাহসান বলেন, ‘রেডিওতে প্রথম রাহীর গান শুনি। গান শুনেই তাঁর গায়কি ও রুচি সম্পর্কে বুঝতে পারি। ইদানীং সুরকার হিসেবেও সে নিয়মিত কাজ করছে। এই গানটিও বেশ ভালো লেগেছে, মনে হয়েছে আমারই গান।’