রুনার সম্মানে নাচবেন অপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা-অপি করিম
রুনা লায়লা-অপি করিম

প্রখ্যাত গায়িকা রুনা লায়লার সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। ১১ সেপ্টেম্বর চ্যানেল আইয়ের রিয়ালিটি শো ‘ক্ষুদে গানরাজ’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে তাঁকে সম্মাননা জানানো হবে। রুনা লায়লার সম্মানে সেদিন সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’ মঞ্চে তাঁর গাওয়া ৩টি গানের মেডলিতে নাচ পরিবেশন করবেন অপি করিম। এখন চলছে অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি। ‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানের এটি ৫ম আসর। এ অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে ‘পরদেশি মেঘ রে’, ‘বাড়ির মানুষ কয় আমায়’, ‘পায়েরই নূপুর আমার জাদু জানে রে’-এই তিনটি গানের সঙ্গে নাচবেন অপি।
প্রথম আলোর সঙ্গে আলাপে অপি করিম বলেন, ‘রুনা লায়লা আমার শুধু প্রিয় শিল্পীই নন, একজন প্রিয় মানুষও। তিনি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। তাঁর মতো একজন কিংবদন্তিকে সম্মান জানানোর এমন একটা সুযোগ পাওয়া আমার জন্যও অনেক সম্মানের। চ্যানেল আই ও ‘ক্ষুদে গানরাজ’ কর্তৃপক্ষকে এমন একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ।’
ক্ষুদে গানরাজ অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘রুনা লায়লার মতো শিল্পীরা যুগে যুগে জন্ম নেন না। তাঁর মতো একজন কিংবদন্তির শিল্পী জীবনের ৫০ বছর পূর্তিকে সম্মাননা জানাতে পারছি ভেবে আমরাও সম্মানিতবোধ করছি। চ্যানেল আই কিন্তু বরাবরই গুণীদের সম্মান জানানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।’

আয়োজক সূত্র জানিয়েছে, তাঁদের বিশ্বাস দুই ঘণ্টা ২০ মিনিটের এই উৎসবটি অন্যান্য বারের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় এবং ব্যতিক্রমী হবে। এবারের আসরের প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুল। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিজিল মির্জা ও জেবা আনিকা।