রূপালি গিটারে বাচ্চু-বাপ্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাচ্চু ও বাপ্পা
বাচ্চু ও বাপ্পা

দুই প্রজন্মের দুই ব্যান্ড তারকা এবার মুখোমুখি বসছেন একটি অনুষ্ঠানে। একই অনুষ্ঠানে একজন গাইবেন গান, অন্যজন করবেন উপস্থাপনা। বাংলা ভিশনের ঈদ আয়োজনের জন্য নির্মিতব্য এই অনুষ্ঠানের নাম ‘রূপালি গিটার’। সাজ্জাদ হোসাইনের প্রযোজনায় এ অনুষ্ঠানে গান গাইবেন আইয়ূব বাচ্চু। আর উপস্থাপনা করবেন বাপ্পা মজুমদার।
আইয়ূব বাচ্চু বলেন, এর আগে আমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত ‘আর মিউজিক’-এ বাপ্পা গান করেছিল। এবার বাপ্পার উপস্থাপনায় আমি গান করব। বিষয়টি খুবই উপভোগ্য হবে। বাচ্চু আরও জানান, অনুষ্ঠানে তিনি তাঁর ‘জীবনের গল্প’ অ্যালবামের চারটি গান করবেন। গানগুলো হলো— এ কেমন ভালোবাসা, কখনোই তুমি আমার ছিলে না, জীবনের গল্প, প্রতীক্ষা। এছাড়াও বাচ্চু ও বাপ্পার গিটারে ‘রূপালি গিটার’ গানটি জ্যামিং করার সম্ভাবনা রয়েছে।
এ অনুষ্ঠানটি নিয়ে বাপ্পাও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আইয়ুব বাচ্চু একজন কিংবদন্তি শিল্পী। ছোটবেলা থেকেই যার গান শুনে শুনে শুধু আমি নই, আমার মতো অনেকেই অনুপ্রাণিত হয়েছে। সেই বাচ্চু ভাইয়ের সাক্ষাৎকার নিতে যাচ্ছি, এটা আমার জন্য বড় এক পাওয়া। এ সুযোগটা পেয়ে আমি খুব সম্মানিত বোধ করছি।’
১ সেপ্টেম্বর সন্ধ্যায় এফডিসির তিন নম্বর ফ্লোরে অনুষ্ঠানটি ধারণ করা হবে।