রেকর্ড গড়তে তবলায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ২৫ দিন তবলা বাজাবেন বাংলাদেশি সুদর্শন l ছবি: প্রথম আলো
টানা ২৫ দিন তবলা বাজাবেন বাংলাদেশি সুদর্শন l ছবি: প্রথম আলো

পাশে রাখা একটি ল্যাপটপ থেকে ধীরলয়ে বেজে চলেছে রবীন্দ্রনাথের ‘এসো শ্যামল সুন্দর’। মঞ্চের মতো করে বানানো আসনে বসে সেই গানের তালে বাজিয়ে চলেছেন সুদর্শন। পেছনের দেয়ালে সাঁটানো বড় ব্যানারে লেখা, ‘দীর্ঘ সময় ধরে হাতে বাজানো বাদ্যযন্ত্রের গিনেস রেকর্ড ভাঙতে বাজি ধরেছেন তবলাবিশারদ সুদর্শন’। গতকাল বুধবার লন্ডন সময় সকাল সাড়ে নয়টার দৃশ্য এটি।

পূর্ব লন্ডনের ম্যানর পার্ক এলাকার শিভা মুনেতা সঙ্গম (ইউকে) মিলনায়তনের একটি কক্ষে নিরলস তবলা বাজিয়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুদর্শন দাশ। গত রোববার স্থানীয় সময় বিকেল ঠিক চারটা থেকে বাজানো শুরু করেছেন তিনি। আর থামাথামি নেই। গতকাল সকাল ১০টা পর্যন্ত বাজানো হয়েছে মোট ৬৬ ঘণ্টা। তবে এ তো সবে শুরু। সুদর্শন মোট ৫১০ ঘণ্টা বাজানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন। এ জন্য তাঁকে বাজাতে হবে প্রায় ২৫ দিন।

৫১০ ঘণ্টা কেন? কারণ দীর্ঘ সময় ধরে হাতে বাদ্যযন্ত্র বাজানোর বর্তমান রেকর্ডটি ৫০১ ঘণ্টার। সেই রেকর্ড ভারতের কুজলমান্নাম রামাকৃষ্ণান নামে এক ব্যক্তির দখলে। ২০০৯ সালে ভারতের কেরালায় ৫ থেকে ২৬ জুলাই টানা মৃদঙ্গ বাজিয়ে তিনি ওই রেকর্ড গড়েন। ওই রেকর্ড ভাঙতেই সুদর্শনের এই ধনুর্ভঙ্গপণ।

সুদর্শন দাশের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
অমূল্য রঞ্জন দাশ ও বুলবুল রানী দাশ দম্পতির সন্তান সুদর্শন চার বছর বয়স থেকেই চট্টগ্রামের আলাউদ্দিন ললিতকলা একাডেমিতে তবলায় তালিম নেওয়া শুরু করেন। ১৯৯২ সালে পড়তে যান ভারতের শান্তিনিকেতনে বিশ্বভারতীতে। সেখানে পণ্ডিত বিজন চ্যাটার্জির কাছ থেকে সংগীতে উচ্চতর প্রশিক্ষণ নেন। ১৯৯৮ সালে বিশ্বভারতী তাঁকে তবলাবিশারদ উপাধিতে ভূষিত করে।

এরপর যুক্তরাজ্যে পাড়ি জমানো সুদর্শন ২০০৪ সালে লন্ডনে ‘তবলা অ্যান্ড ঢোল’ একাডেমি প্রতিষ্ঠা করেন। এখানে বর্তমানে ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে। ২০০৮ সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক তবলা প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় পুরস্কার সিলভার মেডেল লাভ করেন। আইন বিষয়ে স্নাতকোত্তর সুদর্শন বর্তমানে নিউহাম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ‘মিউজিক ইন্সপেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রথম আলোর সঙ্গে আলাপকালে সুদর্শন বলেন, আগের রেকর্ডটি ভাঙতে ৫০১ ঘণ্টা বাজালেই চলবে। তবে তিনি চান কমপক্ষে ৫১০ ঘণ্টা বাজাতে, যাতে ওই রেকর্ড ভাঙতে কেউ সাহস করতে না পারে।

সুদর্শন বলেন, তিনি রেকর্ড গড়তে তবলাকেই বেছে নিয়েছেন, কারণ তবলা তাঁর খুব প্রিয় বাদ্যযন্ত্র। এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় তিন বছর ধরে নানা আয়োজন করতে হয়েছে জানিয়ে সুদর্শন বলেন, সর্বশেষ টানা ১৫ দিন বাজানোর একটা অনুশীলন করে দেখানোর পর মিলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের অনুমোদন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী অতিপ্রয়োজনীয় কাজ সারতে প্রতি ঘণ্টায় সুদর্শন মাত্র পাঁচ মিনিট বিরতি পাবেন। সে হিসেবে ২৪ ঘণ্টায় তাঁর বিরতি মিলবে দুই ঘণ্টা। চাইলে বিরতির সময়গুলো জমিয়ে একসঙ্গে লম্বা বিরতি নেওয়া যাবে। তবলা বাজানোর সময়ও সুদর্শন ইচ্ছা করলে খেতে পারবেন। তবে তবলায় হাত চালানো বন্ধ করা যাবে না। অন্য কেউ তাঁকে খাইয়ে দিতে পারবেন।

সিসিটিভির মাধ্যমে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবেন গিনেসের কর্তারা। এ ছাড়া পুরো প্রক্রিয়াটি দুটি ভিডিও ক্যামেরায় ধারণ করা হচ্ছে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যে কেউ মিলনায়তনে গিয়ে এই ঐতিহাসিক তবলা ম্যারাথনের সাক্ষী হতে পারবেন।

বিদায় নেওয়ার সময় আবার জিজ্ঞাসা করলাম, দাদা ঠিক আছেন তো? দাদার বলিষ্ঠ জবাব, ‘আরে ব্যাপার না, শুধু দোয়া করবেন।’