রেকর্ড-কন্যা বিয়োন্সে

২০১৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন প্রকাশ করা হলো গত শুক্রবার। মনোনয়ন তালিকায় এ বছরের সব আলোচিত তারকার নামই উঠে এসেছে। তবে সবচেয়ে বেশিবার যাঁর নাম পাওয়া গেছে, তিনি হলেন সংগীতশিল্পী বিয়োন্সে নোলেস। তিনি পাঁচটি শাখায় পেয়েছেন মনোনয়ন। সেই সঙ্গে সবচেয়ে বেশিবার গ্র্যামিতে মনোনীত হওয়ায় সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। এ পর্যন্ত বিয়োন্সের গ্র্যামি মনোনয়নের সংখ্যা ৪৬।
মনোনয়ন পাওয়ার দিক থেকে বিয়োন্সে পেছনে ফেলেছেন তারকা ডলি পার্টনকে। তবে এখনো স্বপ্ন অধরা রয়ে গেছে তাঁর। বিয়োন্সের স্বপ্ন সর্বাধিকবার গ্র্যামি জেতার। কিন্তু সেই মাইলফলক ছুঁতে এখনো অনেকটা পথ যেতে হবে তাঁকে। ইতিহাস বলে এ অবধি সবচেয়ে বেশিবার পদক জিতেছেন অ্যালিসন ক্রাউস। তাঁর ঘরে গ্র্যামির সংখ্যা ২৭। আর বিয়োন্সের ঘরে আছে ১৭টি। তাই নতুন ইতিহাস গড়তে তাঁকে আরও ১০টি গ্র্যামি জিততে হবে।
এদিকে রেকর্ড গড়তে না পারলেও এ বছর বিয়োন্সের সমান মনোনয়নই পেয়েছেন সংগীতশিল্পী স্যাম স্মিথ এবং ‘হ্যাপি’ তারকা ফ্যারেল উইলিয়ামস। তাঁরা সবাই পাঁচটি বিভাগে গ্র্যামি জেতার জন্য লড়ছেন।
তা ছাড়া ইগি আজালিয়া, টেইলর সুইফট, এমিনেম, নিকি মিনাজ, জেসি জেসহ আরও অনেকেই আছেন গ্র্যামি মনোনয়ন তালিকায়। তাঁদের সবার অপেক্ষা ঘুচবে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি। কারণ, সেদিনই জমবে ৫৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল আসর। বিলবোর্ড