রেডিওতে বাজবে না বলে
‘সবাই তোমাকে ভালোবাসে। তাই বলে রেডিও তোমার ১৫ মিনিটের দীর্ঘ গান চালাবে না।’ ঠিক এভাবেই রেকর্ড কোম্পানি কথাটি বলেছিল ব্রিটিশ শিল্পী অ্যাডেলেকে। আর রেডিওতে বাজবে না বলে প্রায় জোরজবরদস্তি করে ১৫ মিনিটের গানকে কেটে ৬ মিনিট করা হয়েছিল। সম্প্রতি রোলিং স্টোন সাময়িকীকে ঘটনাটি জানান অ্যাডেলে। গানটির শিরোনাম ‘আই ড্রিংক ওয়াইন’। এটি গ্র্যামিজয়ী অ্যাডেলের কামব্যাক অ্যালবাম ‘থার্টি’র গান।
৩০ বছর বয়সে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাডেলের। বিচ্ছেদ নতুন গানের অনুপ্রেরণা জোগায় অ্যাডেলেকে। সেসব গান নিয়েই হলো নতুন অ্যালবাম, যেখানে বিচ্ছেদের পরের জীবনের ঘটনাগুলো উঠে এসেছে।
অ্যাডেলে ও সাইমন ২০১১ সালে প্রেমে জড়ান। ২০১২ সালে সন্তান অ্যাঞ্জেলোর জন্ম। ২০১৭ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডের সময় সাইমনকে ‘স্বামী’ সম্বোধন করায় এক সংবাদমাধ্যমে খবর বের হয়, ২০১৬ সালেই নাকি বিয়ে করেছেন তাঁরা। যদিও সম্পর্কটা কত দিন টিকল, এক সাক্ষাৎকারে জানতে চাইলে বলতে রাজি হননি অ্যাডেলে। কেবল বলেছেন, তাঁদের বিচ্ছেদ হয়েছে ২০১৯ সালে।
দীর্ঘদিন বিচ্ছেদের ব্যাপারে মুখ খোলেননি তিনি। তবে ‘থার্টি’ প্রকাশের আগে অকপটে সব জানিয়েছেন এই শিল্পী। তিনি বলেছেন, ‘আমাদের বিচ্ছেদের কারণে সন্তানকে অনেক মূল্য দিতে হয়েছে। কিন্তু আমি যদি এই পথ বেছে না নিতাম, আমার জীবনটা ছারখার হয়ে যেত।’