রেমার বুকফাটা কান্না, ভেঙে পড়েছেন বাপ্পাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার মরদেহ দেখে ভীষণভাবে ভেঙে পড়েছেন বাপ্পা

ভারতের বিনোদনজগতে একের পর এক নক্ষত্রপতন। গত মঙ্গলবার রাতে চিরবিদায় নিয়েছেন সুর সম্রাট বাপ্পি লাহিড়ী। বলিউডে তিনি পরিচিত ‘ডিসকো কিং’ নামে। তাঁর মৃত্যুতে শোকাহত সমগ্র বিনোদনজগৎ। গতকাল মুম্বাইয়ের জুহু এলাকায় তাঁর বাংলো লাহিড়ী হাউসে একাধিক বিটাউন তারকা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এদিকে বাবার মৃত্যুতে শোকে পাথর বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা। আজ দুপুরে মুম্বাইয়ের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। সাদা ফুলে সজ্জিত গাড়িতে লাহিড়ী হাউস থেকে শেষবিদায় নিয়েছেন ৬৯ বছর বয়সী প্রবাদপ্রতিম এই সংগীত পরিচালক।
গতকাল রাত দুইটার দিকে লস অ্যাঞ্জেলস থেকে মুম্বাইয়ে এসে পৌঁছান বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা। বাবার মরদেহ দেখে ভীষণভাবে ভেঙে পড়েছেন বাপ্পা।

বাপ্পি লাহিড়ী

খবর অনুযায়ী, মেয়ে রেমার সঙ্গে বাপ্পি শেষ কথা বলেছিলেন। রেমার হাতের ওপর শেষনিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। বাবার মৃত্যুর পর শুধুই অঝরে কেঁদে চলেছেন রেমা। রেমার ছেলে স্বস্তিক নানার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না। ১২ বছরের এই কিশোর কাঁদতে কাঁদতে বলছে, তার নানা-ই তার সবকিছু। নানাকে আদর্শ করে সংগীতের দুনিয়ায় পা রেখেছে স্বস্তিক।

শেষকৃত্যর আয়োজন চলছে
এএনআই

গতকাল থেকে লাহিড়ী হাউসে তারকাদের সমাগম হয়েছে। কাজল, তনুজা, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, শান, অলকা ইয়াগনিক, রাকেশ রোশন, ললিত পণ্ডিত, অভিজিৎ ভট্টাচার্যসহ অনেক বিটাউন তারকা লাহিড়ী হাউসে বাপ্পি দা-কে শেষ দেখা দেখতে এসেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অক্ষয় কুমার, অজয় দেবগন, মাধুরী দীক্ষিতসহ অনেকে তাঁকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে বাপ্পি লাহিড়ী

আজ পবন হংসে বাপ্পি দার শেষকৃত্যের সময় আরও অনেক তারকার সমাগম হবে।
লাহিড়ী পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক সময়। আমাদের সবার প্রিয় বাপ্পি দার গতকাল রাতে স্বর্গপ্রাপ্তি ঘটেছে। বাপ্পি দা-র ছেলে বাপ্পা লস অ্যাঞ্জেলস থেকে মুম্বাই আসার পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আমরা তাঁর আত্মার জন্য ভালোবাসা আর আশীর্বাদ প্রার্থনা করছি।’