রোববার থেকে জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণজিৎ বারোত
রণজিৎ বারোত

গত শীতের কথা মনে আছে? মৃদু শীতে শিশিরভেজা ঘাসে পা ডুবিয়ে জ্যাজ-ব্লুজ উপভোগের রাতগুলোর কথা? ভুবনজয়ী গিটারিস্ট জন ম্যাকলাফলিনের গিটারের সুর, চায়না মোজেজের মনমাতানো গান? ২০১৫ সালের নভেম্বরের পর এ বছর আবার বসছে জ্যাজ ও ব্লুজের দ্বিতীয় আসর। রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনের জ্যাজ অ্যান্ড ব্লুজ ফ্যাস্টিভ্যাল ঢাকা-২০১৭।
এ বছর আর ঘাসে নয়, জ্যাজ ও ব্লুজের আসরটি বসবে আকাশের কাছাকাছি। উত্তরার হোটেল লা মেরিডিয়ানের ছাদে বিশ্বের বেশ কজন খ্যাতিমান শিল্পীর বেশ কাছাকাছি বসে শোনা যাবে গান। ফলে এ দুই ঘরানার সংগীতপ্রেমীদের জন্য এবারের উৎসবটি হবে আরও স্মরণীয়। উৎসবে এবারে গাইবেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের লরি বেল, ডেনমার্কের জ্যাকব ডিনিসেন, ভারতের রণজিৎ বারোত, যুক্তরাজ্যের গ্যারি পিটার হাজব্যান্ড, ভারতের সোলমেট, ঢাকার আরমীন মুসা এবং বেশ কয়েকটি ব্যান্ড। তিন সন্ধ্যায় উপভোগ করা যাবে অন্তত ১০টি দলের পরিবেশনা। আরমীন বলেন, ‘প্রথমবারের মতো দেশে এ রকম কোনো আয়োজনে গাইব। আশা করি, গুরুদের থেকে শেখা পুরোনো জ্যাজের পাশাপাশি কিছু নতুন গানও শোনাব।’

আরমীন মুসা
আরমীন মুসা

উৎসবের আয়োজক ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বলেন, গত বছরের শেষে এ উৎসব আয়োজনের প্রচেষ্টা ছিল। মাঠের বদলে ছাদে হওয়ায় এবারের উৎসব একটু ভিন্ন মাত্রা পাবে। উৎসবে সহযোগিতা করছে আইএফআইসি ব্যাংক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রচার সহযোগী চ্যানেল আই, আতিথেয়তা সহযোগী লা মেরিডিয়ান হোটেল ঢাকা। ২৯ থেকে ৩১ জানুয়ারির এ উৎসবের টিকিট মিলবে রাজধানীর বিভিন্ন স্থান ও অনলাইনে—jetechao.com ও ticketchai.com-এ।