রোলিং স্টোনস যাচ্ছে কিউবায়

এ মাসেই রোলিং স্টোনস যাচ্ছে কিউবায় কনসার্ট করতে। কিউবার রাজধানী হাভানার সৌভাগ্যবানেরা একেবারে সামনাসামনি দেখতে পারবেন রোলিং স্টোনসের পরিবেশনা।
সেই কবে, ১৯৬২ সালে সূচনা হয়েছিল ব্রিটিশ এই রক ব্যান্ড দলের। কিন্তু কী আশ্চর্য, কত ব্যান্ড এরই মধ্যে তাদের অস্তিত্ব হারিয়েছে, কিন্তু এত দিনেও রোলিং স্টোনসের পরিবেশনায় মরচে পড়েনি। এখনো দিব্যি গান শুনিয়ে বিশ্ববাসীকে বিনোদিত করে যাচ্ছে দলটি। কিউবায় এটাই কোনো ব্রিটিশ দলের প্রথম কনসার্ট। ২৫ মার্চের রাতটি তাই হাভানাবাসীর জন্য যথেষ্ট রোমাঞ্চকর, যথেষ্ট আনন্দের হয়ে উঠবে।
এখন লাতিন আমেরিকা ভ্রমণে রয়েছে রোলিং স্টোনস। মেক্সিকো সিটিতে ১৭ মার্চ তারা এই সফরের শেষ কনসার্টটি করবে।
হাভানার কনসার্টটির জন্য রোলিং স্টোনস কোনো অর্থ নেবে না। কিন্তু তাদের সফরটি ‘নিরর্থক’ হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক কিউবা সফরের তিন দিন পরই রোলিং স্টোনস এই কনসার্টটি করবে। রোলিং স্টোনসের জন্য তা যথেষ্ট অর্থবোধক। রক ব্যান্ডটি বলছে, ‘দীর্ঘ সংগীতজীবনে পৃথিবীর বহু জায়গায় আমরা আমাদের কনসার্ট করেছি, কিন্তু হাভানায় এই কনসার্টটি আমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। আশা করি, কিউবার বন্ধুদের অনুভূতিও হবে আমাদেরই মতো।’ বিবিসি।