
লম্বা প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন গান নিয়ে আসছে দ্য রোলিং স্টোনস। রক জগতের কিংবদন্তি এই দলটি প্রায় একযুগ পর ফিরছে নতুন গান নিয়ে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরই আবার ‘গড়াতে’ শুরু করবে রোলিং স্টোনস, খবরটি দিয়েছেন এই ব্যান্ডের গিটারিস্ট কিথ রিচার্ডস।
সম্প্রতি রিচার্ডস প্রকাশ করেছেন তাঁর সংগীতজীবনের প্রথম একক অ্যালবাম ‘ক্রসআইড হার্ট’। এই সুবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানেই দেন রোলিং স্টোনসের নতুন অ্যালবামের খবরটি। রিচার্ডস বলেন, তাঁদের দক্ষিণ আমেরিকা সফর শেষ হলেই রেকর্ডিং স্টুডিওতে ঢুকবেন দলের সদস্যরা। তাই নতুন অ্যালবাম শুনতে হলে শ্রোতাদের অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।
২০০৫ সালে মুক্তি পেয়েছিল রোলিং স্টোনস ব্যান্ডের অ্যালবাম ‘এ বিগার ব্যাং’ । এরপর থেকে দলটি তাঁদের বিশ্বসফর, কনসার্ট এবং দলের সদস্যদের ব্যক্তিগত কাজকর্ম নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। তাই নতুন অ্যালবামটি এলে এটি হবে প্রায় একযুগ পর রোলিং স্টোনস ব্যান্ডের নতুন অ্যালবাম। এএফপি।