রোহিঙ্গাদের নিয়ে মামুনের গান

মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা, ধর্ষণ ও নির্যাতন চালাচ্ছে। জ্বালিয়ে দিচ্ছে ঘরবাড়ি। বের করে দেওয়া হচ্ছে স্বদেশ থেকে। কোনো রকম প্রাণ নিয়ে স্রোতের মতো অসহায় রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছেন। মানবতার এই চরম বিপর্যয়ে গোটা বিশ্ব মিয়ানমারের নিন্দায় সরব। চুপ থাকতে পারেননি বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয় ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানের গীতিকার আবদুল্লাহ আল মামুনও। নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে তিনি গান বানিয়েছেন। কথা ও সুরে তিনি নিজেই গেয়েছেন ‘হৃদয়ের কাছে’ শীর্ষক গান।
পেশায় প্রকৌশলী কাতারপ্রবাসী এই শিল্পী বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে মানুষের বিবেক ও মানবতাকে জাগ্রত করার জন্যই তাঁর এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি বলেন, ‘পৃথিবীর যেখানেই মানবিক বিপর্যয় ঘটুক না কেন, পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করাই বিবেকবান মানুষের কাজ। তাই আমরা যে যেখানে আছি, সেখান থেকেই বিপন্ন মানবতাকে রক্ষা করতে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।
গীতিকার হিসেবে সংগীত জগতে পা রাখলেও নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন মামুন। তিনি বলেন, পুরো গানটি নির্মিত হয়েছে কাতারে। গানটির সংগীত আয়োজন করেছে কাতারের জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড দল ‘শ্রাবণ’। ইতিমধ্যে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও তোলা হয়েছে। ভিডিও ক্যামেরায় ছিলেন আদনান, ভিডিও সম্পাদনা ও তাঁর সঙ্গে গানে কণ্ঠও দিয়েছেন তাঁর বড় মেয়ে মুনিরা মামুন।
পেশায় প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন চট্টগ্রাম কলেজে পড়া অবস্থায় আরও বেশ কয়েকটি গান লেখেন, যা বেশ জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে ছিল সোলসের জন্য লেখা ‘মুখরিত জীবনের চলার বাঁকে’।
তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির পর কবিতা আর গান থেকে নিজেকে গুটিয়ে নেন মামুন। প্রকৌশলে ডিগ্রি লাভের পর পুরকৌশল বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরে উচ্চশিক্ষা ও জীবিকার তাগিদে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখান থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। ব্যস্ত হয়ে পড়েন প্রবাসের ব্যস্ত জীবনে।
তবে সংগীতজগতের সঙ্গে যাঁর মিতালি, যাঁর রক্তে মিশে আছে কবিতা আর গান, দেশ ছেড়ে চলে তিনি কি ভুলতে পারেন সেসব? এটাও ঠিক, মামুনের জনপ্রিয় গানগুলো বাংলাদেশের সংগীতজগতের সঙ্গে তাঁর অদৃশ্য একটি সেতুবন্ধও তৈরি করে রেখেছিল। হয়তো তাই ২০১৬ সালের ডিসেম্বরে আবার শ্রোতাদের সামনে হাজির হলেন, তবে এবার এসেছেন কণ্ঠশিল্পী হিসেবে। বের করলেন একক অ্যালবাম ‘তোমার জন্য’। এবার রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গান বানিয়ে আবার হাজির হলেন দর্শকদের সামনে। গানটি সামাজিক মাধ্যমে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।