লতা যখন শ্রদ্ধার ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: লতার ও শ্রদ্ধার ফাইল
ছবি: লতার ও শ্রদ্ধার ফাইল

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হলো গণেশ উৎসব। ভারতে সব থেকে বড় গণেশ উৎসব হয় মহারাষ্ট্রে। ১০ দিনের উৎসবে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও মেতে ওঠেন নানা আয়োজনে। কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের বাড়িতে প্রতিবছর এ আয়োজনটি মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়। তবে এবার বিশেষ উৎসব করেনি মঙ্গেশকর পরিবার। লতা জানিয়েছেন, প্রচণ্ড বৃষ্টিতে খোলা ম্যানহোলে পড়ে মারা যাওয়া চিকিৎসক দীপক অম্রপুরকর তাঁদের পরিচিত ছিলেন। এর ফলে বড় পরিসরে তেমন কিছু আয়োজন করা হয়নি।


তাতে কী। অতিথি আসা কিন্তু তাতে থামেনি। আগের বছরের মতো এবারও বলিউড তারকা শ্রদ্ধা কাপুর মাকে নিয়ে এসেছিলেন লতার সঙ্গে দেখা করতে। সম্পর্কে তাঁরা আত্মীয়। লতা জানিয়েছেন, শ্রদ্ধা যখন ছোট ছিলেন, তখন থেকে তিনি তাঁকে চেনেন। তারকা হয়ে যাওয়ার পরও এতটুকু বদলাননি শ্রদ্ধা। এখনো একই রকম ঘরোয়া এবং দায়িত্বশীল মেয়ে। তাঁর অভিনয় ভালো লাগে লতার। এমনকি লতার কাছে শ্রদ্ধার গানও ভালো লাগে। তাঁর মতে, শ্রদ্ধা নেহাত শখের বসে গান করলেও যথাযথ সুরে গান করেন।

লতার বাড়িতে আত্মীয় এবং বলিউড তারকাদের পাশাপাশি আসে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক সিআইডির পুরো টিম। লতা নিজ হাতে তাঁদের আপ্যায়ন করেন।
লতা জানিয়েছেন, তিনি এখনো সিআইডির বিরাট ফ্যান। তাঁদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, আগামী সপ্তাহগুলোয় সিআইডিতে কী হতে চলেছে।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম। ভারতরত্ন পদকে ভূষিত এ শিল্পী শুধু হিন্দি নয়, অসংখ্য আঞ্চলিক ও বিদেশি ভাষার গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর গাওয়া বাংলা গানগুলো এখনো জনপ্রিয়। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৮ তারিখে এ জীবন্ত কিংবদন্তি পালন করবেন তাঁর ৮৭তম জন্মদিন।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া ডটকম।