২৪ সেপ্টেম্বর লন্ডনে গাইবেন রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা যুক্তরাজ্যের ভক্তদের সামনে গান নিয়ে হাজির হচ্ছেন আগামী ২৪ সেপ্টেম্বর। দেশে রুনা লায়লার সংগীত জীবনের ৫০ বছর উদযাপনের পর এবার লণ্ডনেও তা উদযাপন করা হবে। পূর্ব লন্ডনের রমফোর্ডের সিটি প্যাভিলিয়ন মিলনায়তনে তাঁর একক সংগীতের আয়োজন করা হয়েছে। এই সংগীত আয়োজন করছে ‘ইউকে-ডক্টর শেফ লিমিটেড’। সংগীত আয়োজন থেকে আয় করা অর্থ ব্যয় করা হবে একটি দাতব্য প্রতিষ্ঠানে।
গতকাল শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। সে সময় রুনা লায়লা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশি সাংবাদিক ছাড়াও ভারত ও পাকিস্তানের গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোনো পেশাদার বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এর আয়োজন করছে না। প্রতিষ্ঠানের কর্ণধার হচ্ছেন যুক্তরাজ্যপ্রবাসী ভারতীয় চিকিৎসক দম্পতি অর্পিতা রায় ও অনির্বাণ মণ্ডল। চিকিৎসা পেশার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে তাঁরা বিভিন্ন অনুষ্ঠানের খাবারের অর্ডার নিয়ে নিজেরা রান্না করে তা সরবরাহ করেন। এ কারণেই প্রতিষ্ঠানের নাম ‘ডক্টর শেফ’।

অর্পিতা রায় বলেন, ‘একজন রুনাভক্ত হিসেবে তাঁর গান সামনাসামনি শোনার ইচ্ছা থাকলেও কখনো তা হয়ে ওঠেনি। স্বামী-স্ত্রী ভাবলাম, রুনা লায়লা সম্মতি দিলে আমরা নিজেরাই এমন একটি সংগীত আয়োজন করতে পারি। সেই আকাঙ্ক্ষা থেকে রুনা লায়লার ফেসবুকে বার্তা পাঠিয়েছিলাম। সেখানে নিজের ইচ্ছার কথা জানালাম। তবে ভাবতেই পারিনি উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী ওই বার্তার জবাব দেবেন।’
অর্পিতা বলেন, খাবার সরবরাহের মাধ্যমে বাঙালি খাবারের ঐতিহ্যের সুবাস তাঁরা ছড়িয়ে দিচ্ছেন এই ভিনদেশে। এর আয় থেকে চলছে তাঁদের পরিচালিত একটি দাতব্য সংস্থা। রুনা লায়লার একক সংগীত আয়োজন থেকে উপার্জিত অর্থও ব্যয় করা হবে দাতব্য প্রতিষ্ঠানে।
রুনা লায়লা বলেন, ‘এই চিকিৎসক দম্পতি নিজেদের খুব সাধারণ মনে করলেও তাঁদের উদ্যোগ আমার কাছে বেশ অসাধারণ মনে হয়েছে। যে কারণে তাঁদের ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।’
রুনা লায়লার একক সংগীত আয়োজনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে শ্রেণি হিসেবে ৩০ পাউন্ড থেকে ১১০ পাউন্ড। ‘মাই টিকিট গুরু ডটকম’-এ এর টিকিট পাওয়া যাবে।