
লন্ডনের শহরতলি রমফোর্ডের বিশাল মিলনায়তন সিটি প্যাভিলিয়ন। দর্শকদের মধ্যে প্রায় সমানভাবেই চোখে পড়ছে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মানুষ। যুক্তরাজ্যে বসবাসরত ওই তিন দেশের মানুষই জড়ো হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লার গান শুনতে। গানের ভাষা যা-ই হোক, প্রতিটি গানের শেষে হলভর্তি দর্শকের জোর করতালি আর হর্ষধ্বনি বারবার জানান দিচ্ছিল রুনা লায়লা কতটাই জনপ্রিয় ।
গত শনিবার সন্ধ্যায় সিটি প্যাভিলিয়নে বসেছিল কণ্ঠ জাদুকর রুনা লায়লার একক সংগীতায়োজন। তাঁর সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উদ্যাপনের জন্য এবার লন্ডনে হলো এই আয়োজন। আয়োজনটিও অনেকটাই উপমহাদেশীয়। কেননা অনুষ্ঠানের আয়োজক ভারতীয় চিকিৎসক দম্পতি অর্পিতা রায় ও অনির্বাণ মণ্ডলের প্রতিষ্ঠান ইউকে ডক্টর শেফ লিমিটেড। আয়োজন সমন্বয়ের কাজে ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত সংগীতশিল্পী রাজা কাশেফ। আর প্রচারে ছিল যুক্তরাজ্যে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের গণমাধ্যম।
রাত সাড়ে আটটা নাগাদ মঞ্চে এলেন শিল্পী। শুরু করলেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ দিয়ে। শুনিয়েছেনও মন উজাড় করে। বাংলা, হিন্দি, উর্দু গাইলেন সমানতালে। একের পর এক গেয়ে শোনালেন ‘ইস্টিশনের রেলগাড়িটা’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’, ‘দো দিওয়ানে শেহের মে’ ‘এই বৃষ্টিভেজা রাতে চলে যেও না’, ‘তু মে হো না হো মুচকো তো’, ‘যে জন প্রেমের ভাব জানে না, ‘দে দে পেয়ার দে’, ‘বাড়ির মানুষ কয় আমায় ভূতে ধরেছে’সহ মঞ্চ কাঁপানো অনেক গান। ভুলে যাননি দেশপ্রেম স্মরণ করিয়ে দিতে। বাংলাদেশের শহীদদের স্মরণে গাইলেন, ‘দেশের জন্য যারা দিয়ে গেছ প্রাণ, ভুলিনি আমরা’।
মাঝে মাঝে দর্শকদের উদ্দেশে বাংলা, হিন্দি আর উর্দু বাকপটুতায় বুঝিয়ে দিলেন, কাকে বলে দর্শক জাগানোর মুনশিয়ানা। সুরের তালে স্বভাবসুলভ দেহভঙ্গি বলছিল তিনি এখনো মঞ্চের তরুণী। টানা ঘণ্টা দেড়েক গাওয়ার পর বিরতি চাইলেন। বিরতিতে যাওয়ার আগে দর্শকদের বললেন, ‘রাত ভারী হলেও চলে যাবেন না তো? আমি আবার আসছি।’ গাইলেন রাত ১১টা পর্যন্ত।
রুনা লায়লার ‘গানে গানে ৫০’ উদ্যাপনের এই অনুষ্ঠানে দর্শকেরাও ছিলেন বেশ বিচিত্র। গত শতকের সত্তর-আশির দশকে যাঁরা টগবগে তরুণ-তরুণী ছিলেন, তাঁদের উপস্থিতিই ছিল বেশি। কথা হলো বাংলাদেশের মনোয়ার হোসেন, কলকাতার ভুবানা লক্ষ্মী, পাকিস্তানের আয়শা ভাটের সঙ্গে। তাঁদের সবারই বয়স এখন ৬০-এর কাছাকাছি। এই সংগীতপ্রেমীরা বললেন, বর্তমানে সংগীতের অনেক শিল্পী, অনেক আধুনিকায়ন হয়েছে। কিন্তু এসব গান তাঁদের টানে না। সেই যৌবনে শোনা রুনার গানগুলোই এখনো তাঁদের অন্তরে গুনগুন করে বাজে। তাই রুনার টানেই ছুটে আসা।