লম্বা বিশ্রামে যাচ্ছে বিটিএস
বিশ্ব বিখ্যাত গানের দল বিটিএস এবার যাচ্ছে দীর্ঘ বিশ্রামে। একের পর এক কাজ করতে করতে তারা ক্লান্ত। গত রোববার দলটির বিরতিতে যাওয়ার খবর জানিয়েছে দলের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্ট।
টুইটারে এক বিবৃতিতে বিগ হিট এন্টারটেইনমেন্ট জানিয়েছে আরএম, জিন, সুগা, জে-হোপ, ভি, পার্ক জিমিন ও জাংকুকরা এবার দীর্ঘ বিশ্রামে যাচ্ছেন। ক্যারিয়ার শুরুর পর এটি হতে যাচ্ছে তাঁদের দ্বিতীয় দীর্ঘ বিরতি। এই বিরতিতে তাঁরা কোথাও গান করবেন না।
বিবৃতিতে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিটিএস ২০১৯ সালের পর দ্বিতীয়বারের মতো দীর্ঘ বিরতিতে যাচ্ছে। এর আগে নির্ধারিত অনুষ্ঠান “বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ—এলএ” ও “২০২১ জিঙ্গেল বল ট্যুর”-এ অংশ নেবে দলটি। কোভিড পরিস্থিতিতে ২০২০ ও ২০২১ সালে তারা ভীষণ সক্রিয় ভূমিকা পালন করেছে এবং সব সময়ের মতো বিশ্বসেরা হয়ে থেকেছে। এই ছুটিতে তারা তাদের পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাবে।’
ভক্তদের উদ্দেশে প্রতিষ্ঠানটি আরও লিখেছে, ‘ভেবে দেখুন, দলটার একটু স্বাভাবিক জীবন কাটানো প্রয়োজন।’ এ ছাড়া মার্চে ফেরার সময় তাদের পরিকল্পনার আভাসও দিয়েছে বিগ হিট এন্টারটেইনমেন্ট। জানিয়েছে, ফিরে এসে সিউলে কনসার্ট, নতুন অ্যালবামসহ নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছে।
ভক্তরাও এ ঘোষণায় সাড়া দিয়েছেন। তাঁরা লিখেছেন, সত্যিই তাদের একটু বিশ্রাম দরকার। অনেক পরিশ্রম করেছে দলটা। পরিবারের সঙ্গে একটা আনন্দঘন সময় কাটাক।
২০১৩ সালে যাত্রা শুরু করে ভীষণ ব্যস্ত সময় পার করেছে কোরিয়ার গানের দল বিটিএস। সর্বশেষ ‘বাটার’ গানটি প্রকাশের পর ইউটিউবে রেকর্ডের সৃষ্টি করে। একসঙ্গে ৩ দশমিক ৮৯ মিলিয়ন ভক্ত গানটি দেখেন। দলটির ‘মাই ইউনিভার্স’ গানটি বিলবোর্ডের হট হানড্রেডের শীর্ষে অবস্থান করেছে।